চলচ্চিত্রের ‘মন্দ মানুষ’ হিসেবে তিনি তুমুলভাবে পরিচিত। তিনি অসংখ্য আলোচিত সব ছবির অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল। মন্দ মানুষের পাশাপাশি নায়ক ও প্রযোজক হিসেবেও চলচ্চিত্রে নিজের অবস্থান মজবুত করেছেন। অভিনয়ের পাশাপাশি তিনি সক্রিয় রাজনীতিতেও। ঢাকার ৯ নং ওয়ার্ড থেকে একযুগের বেশি সময় ধরে কাউন্সিলর ছিলেন।
আসন্ন জাতীয় নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগ প্রার্থী হওয়ার জন্য মনোনয়ন ফরম কিনেছেন ডিপজল। গতকাল (শনিবার) তিনি নেতাকর্মীদের সঙ্গে নিয়ে রাজধানীর ধানমণ্ডির আওয়ামী লীগ সভানেত্রীর কার্যালয় থেকে মনোনয়ন ফরম কেনেন। রাজধানীর গাবতলী-আমিনবাজারের বাসিন্দা ডিপজল চ্যানেল আই অনলাইনকে জানান, ঢাকা ১৪ আসন থেকে তিনি নির্বাচনে সংসদ সদস্য হিসেবে প্রার্থী হতে ইচ্ছুক।
রোববার বিকেলে ডিপজল বলেন, সাধারণ মানুষ আমাকে সংসদে দেখতে চায়। আমি সংসদ সদস্য হয়ে তাদের পাশে দাঁড়াতে চাই। তাদের কথা ভেবেই আমি আওয়ামী লীগের পক্ষে নৌকা মার্কায় ঢাকা-১৪ আসন থেকে মনোনয়নপত্র কিনেছি। আমি জয়ী হয়ে সংসদে যেতে চাই। নেতা নয়, সাধারণ মানুষের প্রতিনিধি হতে চাই।
শোনা যেত, ডিপজল বিএনপি’র কাউন্সিলর ছিলেন। বিষয়টিকে পুরোপুরি মিথ্যা আখ্যা দিয়ে ডিপজল বলেন, এটা পুরোপুরি মিথ্যা। আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে কাউন্সিলর নির্বাচন করেছি। সকলের কাছে জনপ্রিয়তা রয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি মনোনয়ন দেন তাহলে এখানে আর কেউ দাঁড়াবে না, আমি পাশ করবো ইনশাল্লাহ।
নির্বাচনী প্রচারণা কবে থেকে শুরু করছেন জানতে চাইলে ডিপজল বলেন, সবেমাত্র মনোনয়ন পত্র জমা দিলাম। প্রার্থী বাছাইয়ের পর আমার আসনটি নিশ্চিত হলে নির্বাচনী প্রচার প্রচারণা শুরু করবো। এখন দলের সিদ্ধান্তের দিকে চেয়ে আছি। দেখি কী হয়। যত দিন বাঁচবো মানুষের সেবা করতে চাই। এ ছাড়া জীবনে আমার আর কিছু চাওয়ার নেই।
তিনি বলেন, দশম নির্বাচনের পরের বছর (২০১৫ সাল) এপ্রিলে গোপালগঞ্জ গিয়ে বঙ্গবন্ধুর মাজারে শ্রদ্ধা অর্পণ করেছিলাম। বঙ্গবন্ধুর জন্যই এ বাংলাদেশ হয়েছে। তার আদর্শের সৈনিক আমি। তখন থেকে মন স্থির করি আওয়ামী লীগ থেকে জাতীয় নির্বাচন করবো।
গেল বছর সেপ্টেম্বরে হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন চলচ্চিত্রের দাপুটে খল অভিনেতা ডিপজল। দেশে চিকিৎসা নেয়ার পর কয়েক দফায় সিঙ্গাপুর থেকে উন্নত চিকিৎসা গ্রহণ করেন। ডিপজল মনে করেন, তিনি এখন পুরোপুরি সুস্থ। ডাক্তারের পরামর্শ মতো স্বাভাবিক জীবন যাপন করছেন। নির্বাচনী দৌড়ঝাঁপের জন্য তিনি শারীরিক ও মানসিকভাবে প্রস্তুত।








