ভারতীয় সুপ্রিম কোর্টের আদেশে বৃহস্পতিবার চার সদস্যের মানসিক চিকিৎসক দল কলকাতা হাইকোর্টের বিচারপতি চিন্নাস্বামী স্বামীনাথন কারনানের মানসিক স্বাস্থ্য পরীক্ষা করতে গেলে তিনি তা প্রত্যাখ্যান করেছেন।
কলকাতার পাভলভ হাসপাতালের চিকিৎসকরা পুলিশ অফিসারদের সঙ্গে যখন বিচারপতি কারনানের বাসায় যান, তখন তিনি তাদের চা খাওয়ান তবে কোনোরকম পরীক্ষা-নীরিক্ষা করতে অস্বীকৃতি জানান।
তিনি চিকিৎসকদের কাছে একটি লিখিত বক্তব্য তুলে দেন। যেখানে তিনি লেখেন, ‘আমি সুস্থ-স্বাভাবিক আছি এবং মানসিকভাবে স্থির আছি, তাই এ ধরনের পরীক্ষার ব্যাপারে আমি অস্বীকৃতি জানাচ্ছি। উপরন্তু আমি বলতে চাই, সুপ্রীম কোর্টের এই ধরনের আদেশ একজন বিচারককে (আমাকে) অপমান ও হয়রানি করার শামিল।’
এর আগে গত সোমবার ভারতের প্রধান বিচারপতি জে এস খেহারের নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের সাত বিচারপতির বেঞ্চ কলকাতা হাইকোর্টের বিচারপতি কারনানের মানসিক স্বাস্থ্য পরীক্ষার নির্দেশ দেন। সেখানে ৮ মে’র মধ্যে স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট আদালতে দাখিল করতে বলা হয়।
এই আদেশের পর হাইকোর্টের বিচারপতি কারনান ক্ষিপ্ত হয়ে নিজের বাসায় বিশেষ আদালত বসিয়ে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের সাত বিচারপতির মানসিক স্বাস্থ্য পরীক্ষা নির্দেশ দেন।
সর্বশেষ গত বুধবার নতুন এক আদেশে বিচারপতি কারনান ভারতের প্রধান বিচারপতিসহ সুপ্রিম কোর্টের সাত বিচারপতিরকে গ্রেপ্তারে জামিন অযোগ্য পরোয়ানা জারি করেন।
এর আগে দেশের সুপ্রিম কোর্ট ও মাদ্রাজ হাইকোর্টের বিচারপতিদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে প্রধানমন্ত্রীর দফতরে চিঠি পাঠান আলোচিত বিচারপতি কারনান।
রীতি ভঙ্গ করে এমন চিঠি লেখায় ভারতের সুপ্রিম কোর্ট স্বতঃপ্রণোদিত এক আদেশে বিচারপতি কারনানের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেন।








