বুধবার ‘ঘৌরি’ নামের একটি মাঝারি পাল্লার ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে পাকিস্তান। ক্ষেপণাস্ত্রটি ১৩ শ’ কিলোমিটার পর্যন্ত যে কোনো ধরণের প্রচলিত অস্ত্র এবং পারমানবিক ওয়ারহেড পরিবহনে সক্ষম।
পাকিস্তানের আন্ত-বাহিনী জনসংযোগ পরিদপ্তরের মুখপাত্র জানান, ক্ষেপণাস্ত্রটির সক্রিয়তা আছে কিনা বা এর যন্ত্রগুলো ঠিকমত কাজ করছে কিনা তা যাচাই করার জন্যই এ পরীক্ষা চালানো হয়েছে। আর্মি স্ট্রাটেজিক ফোর্সেস কমান্ডের ‘স্ট্রাটেজিক মিসাইল গ্রুপ’ ক্ষেপণাস্ত্রটির পরীক্ষা কার্যক্রম তত্ত্বাবধান করেন।
ক্ষেপণাস্ত্রটির সফল পরীক্ষা চালানোর প্রশংসা করেন পাকিস্তানের রাষ্ট্রপতি মামনুন হুসেইন এবং প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ ।







