মাগুরার শালিখা উপজেলার চটকাবাড়ীয়া গ্রামে প্রতিপক্ষের হামলায় জলিল মোল্লা (৫০) নামে এক আওয়ামী লীগ কর্মী নিহত হয়েছেন। নিহতের বাড়ি ঝিনাইদহ জেলার কালিগঞ্জ উপজেলার নাটুয়াপাড়া গ্রামে।
চটকাবাড়িয়া গ্রামের আবু তালেবসহ অন্যরা জানান, শুক্রবার রাত ৮টার দিকে চটকাবাড়িয়া বাজারে টেলিভিশন দেখা নিয়ে সৃষ্ট বাকবিতণ্ডার এক পর্যায়ে প্রতিপক্ষ একটি গ্রুপ জলিল মোল্লাকে লোহার রড ও ধারালো অস্ত্র দিয়ে দিয়ে কুপিয়ে জখম করে। স্থানীয়রা তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করলে রাত সাড়ে দশটার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত জলিল মোল্লা ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার নাটুয়াপাড়া গ্রামের আব্দুল গফুর মোল্লার ছেলে। তিনি স্থানীয় আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন বলে এলাকাবাসী জানান।
শালিখা থানার ওসি রবিউল ইসলাম বলেন, টিভি দেখা নিয়ে বাকবিতণ্ডার এক পর্যায়ে প্রতিপক্ষের হামলায় জলিল মোল্লা নিহত হয়েছেন। চটবাড়িয়া ও নাটুয়াপাড়া গ্রাম দুটি পাশাপাশি। কিন্তু গ্রাম দুটি দুই জেলায়। পরবর্তী সহিংসতা এড়াতে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।








