মায়ের জন্মদিনে প্রত্যেক সন্তানের কাছেই অনেক বিশেষ! বিশেষ সেই দিনটিতে প্রত্যকটি সন্তানই চান মাকে খুশি করতে। যার ব্যতিক্রম করলেন না বলিউড অভিনেতা অক্ষয় কুমার।
মঙ্গলবার (২১ জানুয়ারি) ছিল অক্ষয়ের মা অরুণা ভাটিয়ার জন্মদিন। এবছর মায়ের জন্মদিনটি বিশেষ ভাবে সেলিব্রেট করতে অক্ষয় তার মা অরুণা ভাটিয়াকে নিয়ে গিয়েছিলেন সিঙ্গাপুরের একটি ক্যাসিনোতে!
যার পুরো ভিডিও করে অক্ষয় ইনস্টাগ্রামে পোস্ট করেন। ভিডিওটির ক্যাপশনে তিনি লিখেছেন যে, মন যেটা চায়, সেটাই করা উচিত। বার্থডে গার্ল যেমনটা করেছে। গত সপ্তাহে সিঙ্গাপুরে মাকে তাঁর সবচেয়ে পছন্দের জায়গা, ক্যাসিনোতে গিয়েছিলাম।
বরাবরই ভীষণ পরিবারকেন্দ্রিক বলিউড অভিনেতা অক্ষয় কুমার। একই সাথে মায়ের প্রতিও খুব যত্নশীল তিনি। প্রায়ই মাকে নিয়ে তিনি তার সোশাল মিডিয়াতে লেখেন। কিছুদিন আগেই তিনি তার মায়ের একটি যোগাভ্যাসের ছবি দিয়ে সোশ্যাল মিডিয়াতে লিখেছিলেন যে, ‘হাঁটুর অপারেশনের পরেই তাঁর ৭০ এর বেশি বয়সী মা যোগব্যায়াম করতে শুরু করেছেন।’
মূলত অক্ষয় তার মায়ের জন্মদিনের সপ্তাহটা শুটিং বিরতি নিয়েছিলেন। এরপর প্রথমে লন্ডন এবং তারপর সেখান থেকে সিঙ্গাপুর যাত্রা করেছিলেন মা-ছেলে।








