চট্টগ্রাম চিড়িয়াখানায় বর্ণাঢ্য আয়োজন এবং মহা ধুমধামের মধ্য অনুষ্ঠিত হলো রংপুর চিড়িয়াখানা থেকে আনা সিংহ ‘বাদশা ওরফে নভ’ এবং চট্টগ্রাম চিড়িয়াখানার সিংহী ‘নোভা’র বিয়ে।
এ জন্য চিড়িয়াখানা কর্তৃপক্ষ রং বেরঙের বেলুন, ফেস্টুন ও ব্যানার দিয়ে চিড়িয়াখানা এলাকা সাজানো ছাড়াও সিংহের খাঁচায় ভালোবাসার প্রতীকে ৪৭ কেজি মাংস দিয়ে বিশাল কেক তৈরি করেন। যাতে ব্যবহার করা হয় গরুর কলিজা, ফুসফুস, হৃদপিণ্ড, দুটি আস্ত মুরগিসহ সিংহের প্রিয় জিনিস।
বিশাল এই কেকটি কাটেন জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন ও তার মেয়ে মাশিয়াত মুবাশ্বিরা।
এর আগে বিয়ের স্মারক বেলুন ওড়ানো হয়। সেসময় জেলা প্রশাসকের স্ত্রী ইশরাত জাহান, অতিরিক্ত জেলা প্রশাসকসহ শতাধিক সাংবাদিক উপস্থিত ছিলেন।
চট্টগ্রামের দর্শকদের জন্যে অতিরিক্ত আনন্দ এবং দেশবাসীকে বণ্য প্রাণীর প্রতি ভালোবাসার বার্তা পৌঁছে দেয়ার লক্ষে বর্ণাঢ্য এ আয়োজন বলে চট্টগ্রাম জেলা প্রশাসক জানিয়েছেন।
আগামীতে আন্তর্জাতিক টেন্ডারের মাধ্যমে এক জোড়া বাঘ সংগ্রহের কথা ও জানান তিনি।








