ভারতের মনিপুর রাজ্যের বিধানসভায় তিনটি বিল পাসের পর বিক্ষোভের সময় অন্তত তিনজন নিহত হয়েছে। রাজ্যের চুরাচাঁদপুর এলাকায় সহিংসতার সময় তারা নিহত হন।
সহিংসতার একপর্যায়ে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ফুংজাথাং টনসিং ও অন্য পাঁচ সাংসদের বাড়িতে আগুন দেয় বিক্ষোভকারীরা।
ঘটনার পর ওই এলাকায় অনির্দিষ্টকালের কারফিউ জারি করেছে স্থানীয় প্রশাসন।
সোমবার তিনটি বিলে অনুমোদন দেন আইনপ্রণেতারা। নিহত ব্যক্তিদের মধ্যে দুজন পুলিশের গুলিতে এবং তৃতীয়জনকে আগুন দিয়ে মেরে ফেলা হয়, যিনি এক আইনপ্রণেতার সহযোগী ছিলেন।
বিধানসভার এই বিলে রাজ্যে বহিরাগতদের অনুমতি দিয়ে প্রবেশের সুযোগ দেওয়া এবং রাজ্যের ভূমি সংস্কারের কথা বলা হয়েছে। তবে রাজ্যের বিভিন্ন আদিবাসী সংগঠনের অভিযোগ এই বিল আদিবাসী বিরোধী।







