সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপির প্যানেল থেকে নির্বাচিত সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন আওয়ামী লীগ প্যানেল থেকে নির্বাচিত সম্পাদক অ্যাডভোকেট শাহ মনজুরুল হকের হাতে-হাত রেখে অবশেষে দায়িত্ব নিলেন।
বৃহস্পতিবার বিকেলে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে বার্ষিক সাধারণ ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান হয়। যেখেন বিএনপি প্যানেল থেকে নির্বাচিত সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন দায়িত্ব গ্রহণ করেন। তবে এসময় বিএনপি প্যানেল থেকে নির্বাচিত অপর ৩ জন উপস্থিত ছিলেন না। একপর্যায়ে ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন ও শাহ মনজুরুল হক তাদের বক্তব্য উপস্থাপন করে একসাথে দুজন হাতে-হাত রেখে আজকের আনুষ্ঠানিকতা শেষ করেন।
অনুষ্ঠানে অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন পরিচালনা কমিটি ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির বিদায়ী কমিটির সভাপতি-সম্পাদক সহ কমিটির অন্যারা উপস্থিত ছিলেন। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে বিপুল সংখ্যক আইনজীবী উপস্থিত ছিলেন।
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির এবারের ঘটনাবহুল নির্বাচনে কার্যনির্বাহী কমিটির ১৪ টি পদের মধ্যে আওয়ামী লীগ সমর্থিত বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ (সাদা প্যানেল) থেকে সম্পাদক সহ ১০টি পদে বিজয়ী হয়৷ অন্যদিকে, বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল (নীল প্যানেল) থেকে সভাপতি সহ ৪টি পদে জয় পায়।
একপর্যায়ে বিএনপির প্যানেল থেকে বিজয়ী সভাপতি ব্যারিস্টার খোকনসহ চারজনকে দায়িত্ব গ্রহণ থেকে বিরত থাকতে চিঠি দেয় জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। তবে নির্বাচিত সভাপতি আজ ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন দায়িত্ব গ্রহণ করেন।

একবারের নির্বাচনে কার্যনির্বাহী কমিটির ১৪ টি পদের মধ্যে আওয়ামী লীগ সমর্থিত বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ (সাদা প্যানেল) থেকে ১০ পদে নির্বাচিতরা হলেন: সম্পাদক শাহ মঞ্জুরুল হক, সহ-সভাপতি রমজান আলী শিকদার ও দেওয়ান মো. আবু ওবাঈদ হোসেন সেতু, কোষাধ্যক্ষ মোহাম্মদ নুরুল হুদা আনসারী, সহ-সম্পাদক মো. হুমায়ুন কবির ও মোহাম্মদ হুমায়ন কবির এবং সদস্য পদে মো. বেলাল হোসেন, মো. রায়হান রনি, রাশেদুল হক খোকন ও খালেদ মোশাররফ।
অন্যদিকে, বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল (নীল প্যানেল) থেকে সভাপতি সহ ৪ টি পদে নির্বাচিতরা হলেন: সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন ও সদস্য পদে সৈয়দ ফজলে এলাহী অভি, সফিকুল ইসলাম এবং ফাতিমা আক্তার।








