ভোলায় শশার ভালো ফলন হলেও দাম পাচ্ছেন না কৃষক। জেলার সদর, দৌলত খান, বোরহানউদ্দিন, লালমোহন, তজমুদ্দিন, চর ফ্যাশন ও মনপুরা এই সাত উপজেলায় চলতি বছর ৬৩৫ হেক্টর জমিতে শশার চাষ হয়েছে। অতি খরা ও বৃষ্টিতে ফলন বিপর্যয় হলেও নতুন করে চারা রোপন করেন কৃষক। কিন্তু বাজারে আকস্মিক দাম কমে যাওয়ায় লোকসানের মুখে পড়েছেন তারা।
ভেদুরিয়ার একজন কৃষক বলেন, এই পর্যন্ত যা বিক্রি করেছি তাতে মোট খরচের অর্ধেকও আসবে না। এর ওপর বৃষ্টি ও খরায় গাছ যেভাবে মারা গেছে তাতে লোকসানের মুখেই পড়তে হবে।
বাজারে এক কেজি শশা বিক্রি হচ্ছে ১২ থেকে ১৪ টাকায়। কমে গেছে স্থানীয়ভাবে শশার চাহিদাও। আরেকজন কৃষক বলেন, যে কয়েকটা গাছ আছে এবং তাতে যে ফল হয় তা বাজারে বিক্রি করে শ্রমিক এবং দেনা দিয়ে কুল পাচ্ছি না। এবার অনেক টাকা লোকসানে আছি।
এক একর জমিতে শশা আবাদে কৃষকের খরচ হয়েছে ৩০ হাজার টাকা। বাজারে প্রতি মণ শশা বিক্রি হচ্ছে ৫৬০ টাকায়।
ভোলা উপজেলা কৃষি কর্মকর্তা রিয়াজ উদ্দিন বলেন, কৃষক যদি সংগঠিত হয়ে এই শশা বিক্রি করতে পারতো তাহলে তারা আরো বেশি দাম পেতো।







