নওগাঁ প্রতিনিধি: এন্টি টেররিজম ইউনিটের বিশেষ অভিযানে নওগাঁয় গ্রেপ্তার হয়েছে ১০ বছর ধরে আত্মগোপনে থাকা জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশ- জেএমবি’র শীর্ষ নেতা হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামী সানোয়ার হোসেন ওরফে আ: রউফ।
নিষিদ্ধ সংগঠন জেএমবির এই নেতা নাম পরিবর্তন করে নওগাঁর পত্নীতলায় ভেড়া পালনের মাধ্যমে এতদিন আত্মগোপনে ছিল। জেলা পুলিশের সহযোগিতায় বিশেষ টিম দীর্ঘদিন ধরে অভিযান পরিচালনার মাধ্যমে তাকে খুঁজে পায়।
রোববার দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে প্রেস ব্রিফিং-এ এসব তথ্য জানান নওগাঁর পুলিশ সুপার আবদুল মান্নান মিয়া ও এন্টি টেররিজম ইউনিটের অতিরিক্ত পুলিশ সুপার আখিউর।
সানোয়ার চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ২০১২ সালের ২৬ এপ্রিল জেএমবির স্বঘোষিত আমীর সালমানকে কৌশলে ডেকে নিয়ে গিয়ে নৃশংস ভাবে হত্যা করে। এরপর থেকে পলাতক ছিলেন সানোয়ার। তার গ্রামের বাড়ি নাচোলের চাঁদপাড়া গ্রামে। তার নামে বিভিন্ন থানায় একাধিক হত্যা মামলা আছে।








