চট্টগ্রাম থেকে: এক সময়ের প্রতিশ্রুতিশীল পেসার তালহা জুবায়ের বিপিএলে ঢাকা ডায়নামাইটসের সহকারী কোচ। তার মতে, পরিকল্পনা যাই থাকুক; এবি ডি ভিলিয়ার্স যদি নিজে ভুল না করে তবে তাকে আউট করা যেকোনো বোলারের জন্যই কঠিন। সোমবার ভিলিয়ার্সের বিধ্বংসী সেঞ্চুরিতেই রংপুর রাইডার্সের কাছে ৮ উইকেটে হেরেছে ঢাকা।
ক্রিস গেইল, অ্যালেক্স হেলস, রাইলি রুশো, এবি ডি ভিলিয়ার্স- এই চার ক্রিকেটারকে উড়িয়ে এনে ব্যাটিংলাইন সাজিয়েছে মাশরাফীর রংপুর। তাদের খুনে ব্যাটিংয়ে প্রতিপক্ষের সব পরিকল্পনাই ভেস্তে যাচ্ছে। চতুষ্টয়ের কেউ একজন জ্বলে উঠলেই সহজ হয়ে যাচ্ছে জয়ের কাজটা।
গত রাতে ভিলিয়ার্সের সঙ্গে জ্বলে ওঠেন হেলস। খেলেন ৮৫ রানের অপরাজিত ইনিংস। ১৮৬ রানের পুঁজি নিয়ে বোলিংয়ে নামা ঢাকা প্রথম দুই ওভারেই গেইল-রুশোকে সাজঘরে পাঠিয়ে স্বস্তিতেই ছিলেন। কিন্তু হেলস-ভিলিয়ার্সের অবিচ্ছিন্ন ১৮৪ রানের রেকর্ড জুটিতে ১০ বল হাতে রেখে লক্ষ্যে পৌঁছায় রংপুর।
তালহা জুবায়ের জানালেন, রংপুরের শুরুর চার ব্যাটসম্যানকে নিয়েই ছিল ভিন্ন ভিন্ন পরিকল্পনা। তবে সবগুলো সফলতার মুখ দেখেনি। আর ভিলিয়ার্সকে পরিকল্পনা করে আউট করা যে রীতিমতো অসম্ভব সেটিও মনে করিয়ে দিলেন।
‘আমাদের আসলে ওদের চারজনকে নিয়েই পরিকল্পনা ছিল। প্ল্যান ‘এ’, প্ল্যান ‘বি’ ছিল। গেইলের বেলায় আমরা সফল হয়েছি। রুশোর সময়ও হয়েছি। দুর্ভাগ্য যে, ভিলিয়ার্স, হেলস হয়নি। কোনো ম্যাচে পরিকল্পনায় সফল হবেন, কোনো ম্যাচে হবেন না। চ্যালেঞ্জ তো অবশ্যই থাকে। আমাদের সবার প্রস্তুতিও ভালো ছিল। কোথায় বল করবো, কী করবো। আসলে কাজে লাগেনি।’
‘আর ডি ভিলিয়ার্সের মতো ব্যাটসম্যানকে ওরকম পরিকল্পনা করে আউট করা কঠিন। কারণ সব শটস ওর কাছে আছে এবং সব বলও ভালো খেলতে পারে। ও যদি ভুল না করে, কঠিন হয়ে যায় আউট করাটা। আর উইকেটে যদি বোলারদের সহায়তা না থাকে তাহলে আরও কঠিন হয়ে যায়। আমাদের সুনিল নারিনের মতো বোলার টার্ন পাচ্ছিল না এখানকার উইকেটে।’








