কক্সবাজার থেকে: নাসির হোসেনের দুর্দান্ত সেঞ্চুরিতে ইমার্জিং টিমস এশিয়া কাপে এক ম্যাচ হাতে রেখেই সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ যুব দল। নেপালকে ৮৩ রানে হারানোর ম্যাচে নাসির ১০৯ রানের অপরাজিত ইনিংস খেলেন। বাংলাদেশের দেয়া ২৫৮ রান তাড়া করে ১৭৪ রানে অলআউট হয় নেপাল।
স্কোরবোর্ডে তখন মাত্র ৩৩ রান। দলকে বিপদে ফেলে প্যাভিলিয়নে ফিরে গেছেন চার চারজন ব্যাটসম্যান। সাইফ-আজমীর-মিথুন এবং শান্ত চারজনই বিদায় নেন অভিনাশ কর্ণর বলে।
ক্ষতি পুষিয়ে নেয়ার দায়িত্ব নেন দলের দুই সিনিয়র ব্যাটসম্যান-অধিনায়ক মুমিনুল আর নাসির। অভিজ্ঞতা কাজে লাগিয়ে ৭ বাউন্ডারিতে ৬১ রানের ইনিংস খেলেন ‘লোকাল বয়’ মুমিনুল।
মুমিনুল ফিরে গেলেও ব্যাট হাতে অপরাজিত নাসির হোসেন। দলের রান পেরিয়ে গেলো আড়াইশো। ১১৫ বলে এক ডজন বাউন্ডারি আর দুই ছক্কায় ১০৯ রানে অপরাজিত থাকেন নাসির।
২৫৮ রানের কঠিন টার্গেট তাড়া করতে নেমে শুরুতেই জোড়া উইকেট নিয়ে দারুন সূচনা এনে দেন সাইফুদ্দিন।
আইরি-দিলীপের ৯৮ রানের পার্টনারশিপ ভেঙ্গে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন রাহাতুল ফেরদৌস। বাঁ হাতি স্পিনারের চার উইকেট শিকারেই ব্যাকফুটে চলে যায় নেপালিরা।
৩০ মার্চ গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ যুব দল।
বিস্তারিত ভিডিওতে:
https://youtu.be/fQTt68MGAak








