গতকাল সোমবার ছিল সালমান খানের জন্মদিন। পুরো বিশ্বের নানা প্রান্তের ভক্তরা উৎসবমুখর পরিবেশে উদযাপন করেছেন তাদের ‘ভাইজান’-এর জন্মদিন। এতে দারুণ খুশি সালমানও। ভক্তদের ধন্যবাদ ও ভালোবাসা জানিয়েছেন এই তারকা। শুধু তাই নয়, জানিয়েছেন, ‘ভাই’ ডাকটির কারণে সবাইকে পরিবারের সদস্য মনে হয় তার।
ভারতীয় গণমাধ্যম আইএএনএস-এ দেয়া এক সাক্ষাৎকারে সালমান বলেন, “তারা আমাকে ‘ভাই’ ডাকেন, ‘ভাইজান’ ডাকেন…আমার খুব ভালো লাগে। আমার মনে হয় পুরো দেশটাই আমার পরিবার। খুব ভালো লাগার অনুভূতি এটা। কে, কোন ধর্মের, কোন পেশার… কিছুই ব্যাপার না। তারা আমাকে ‘ভাই’ ডাকেন, সেটাই সবচেয়ে ভালোবাসার বিষয়।”
অভিনেতা আরও বলেন, ‘আমি যখন কোনো সিনেমা দেখতে চাই, তখন নায়কদের থেকে অনুপ্রেরণা পাই সঠিক পথে চলার। এজন্যই আমি খল চরিত্রে অভিনয় করি না। কারণ সিনেমা দেখে মানুষ শেখে। তাই পর্দায় এবং বাস্তবে ভাল কাজ করতে চাই।’
সালমানকে দেখা যাবে ‘টাইগার থ্রি’, ‘কাভি ঈদ কাভি দিওয়ালি’, ‘বাজরঙ্গি ভাইজান টু’ এবং ‘নো এন্ট্রি টু’তে।








