ব্রিটিশ পার্লামেন্টে প্রধানমন্ত্রী বরিস জনসনের ১২ ডিসেম্বর আগাম নির্বাচনের প্রস্তাব আবারও প্রত্যাখ্যান করেছেন বিরোধী দলীয় এমপিরা।
সোমবার পার্লামেন্টের নিম্নকক্ষ হাউজ অব কমনসে এ বিষয়ে হওয়া ভোটে দুই-তৃতীয়াংশ এমপির ভোট পেতে ব্যর্থ হয় সরকার।
প্রধানমন্ত্রীর নির্বাচনের প্রস্তাব পার্লামেন্টে উঠলে প্রধান বিরোধী লেবার পার্টি ভোট দানে বিরত থাকলে পক্ষে ২৯৯ এবং বিপক্ষে ৭০ ভোটে রক্ষণশীলরা জয়লাভ করেন। কিন্তু ফিক্সড টার্মস পার্লামেন্ট নীতি অনুযায়ী, দুই-তৃতীয়াংশ ভোট অর্থাৎ ৪৩৪ ভোটের অনেক কম পায় কনজার্ভেটিভ পার্টি।
ফলে আগাম নির্বাচন প্রস্তাব পাসে ব্যর্থ হয় সরকার।
কিন্তু আবার এ নিয়ে চেষ্টা করতে চান বরিস জনসন। এ পরাজয়ের পর পরই তিনি নতুন একটি বিল পাসের উদ্যোগের ঘোষণা করেছেন।
বিলটি পাস হয়ে গেলে আগের মতো আর দুই-তৃতীয়াংশ সমর্থনের প্রয়োজন পড়বে না। নির্বাচনের পক্ষে সাধারণ সংখ্যাগরিষ্ঠতা পেলেই জিতে যাবে সরকারের প্রস্তাব।
কিন্তু তারপরও লিব ডেম এবং স্কটিশ ন্যাশনালিস্ট পার্টি এসএনপি’র সমর্থন লাগবে জনসনের। তাই এ লক্ষ্যে দল দু’টোর সঙ্গে আলোচনার ঘোষণা দিয়েছেন তিনি।
অন্যদিকে লিব ডেম এবং এসএনপি ৯ ডিসেম্বর নির্বাচনের পক্ষে আলাদা বিল পার্লামেন্টে আনার ঘোষণা দিয়েছে।








