ব্যারিস্টার মইনুল হোসেনকে কারাগারে ডিভিশন (প্রথম শ্রেণীর বন্দি মর্যাদা) দেয়ার বিষয়ে আদালতের নির্দেশনা কারাগারে পৌঁছেছে বলে জানিয়েছেন ঢাকা কেন্দ্রীয় কারাগারের (কেরাণীগঞ্জ) জেলার মাহবুব আলম।
সোমবার ২৯ অক্টোবর বিকেলে এ নির্দেশনা কেন্দ্রীয় কারাগারে পৌঁছায় বলে জানান তিনি।
জেলার মাহবুব চ্যানেল আই অনলাইনকে বলেন, ডিভিশনের বিষয়ে আদালতের যেসব নির্দেশনা রয়েছে তার সবই ব্যারিস্টার মইনুল হোসেনকে দেয়া হবে।
গত ১৬ অক্টোবর মধ্যরাতে একাত্তর টেলিভিশনের নিয়মিত আয়োজন ‘একাত্তর জার্নাল’-এ রাজনৈতিক সংবাদের বিশ্লেষণে সাংবাদিক মাসুদা ভাট্টির করা এক প্রশ্নের জবাবে ব্যারিস্টার মইনুল হোসেন বলেন, ‘আপনার দুঃসাহসের জন্য আপনাকে ধন্যবাদ দিচ্ছি। আপনি চরিত্রহীন বলে আমি মনে করতে চাই।’
ওই ঘটনায় রংপুরে করা মানহানির এক মামলায় গত ২২ অক্টোবর রাত পৌনে ১০টার দিকে রাজধানীর উত্তরায় জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি আ স ম আবদুর রবের বাসা থেকে মইনুল হোসেনকে গ্রেপ্তার করে মহানগর গোয়েন্দা পুলিশ।
এরপর ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম কায়সারুল ইসলামের আদালতে মইনুল হোসেন জমিন আবেদন করলে আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। সেই থেকে কারাগারে সাধারণ বন্দী হিসেবেই ছিলেন ব্যারিস্টার মইনুল হোসেন।








