বিজয়ের মাস ডিসেম্বর। বিজয়ের ৪৭ বছরে দেশ মাতৃকাকে বিশ্বের কাছে তুলে ধরতে এবং বিজয়ের উৎসবকে আরও রঙিন, স্মরণীয় ও প্রাণবন্ত করে তুলতে গত তিন বছরের মতো চ্যানেল আই এবারও আয়োজন করেছে ‘ব্যান্ড ফেস্ট’-এর। ব্যান্ড ফেস্ট আয়োজিত হবে বিজয়ের মাসের প্রথম দিন, ১ ডিসেম্বর শুক্রবার চ্যানেল আই প্রাঙ্গণের চেতনা চত্বরে। সকাল সাড়ে দশটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত চলবে এই আয়োজন। চ্যানেল আই অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে।
৩০ নভেম্বর বৃহস্পতিবার চ্যানেল আই কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে উৎসব সম্পর্কে বিস্তারিত জানানো হয়। সংবাদ সম্মেলনে স্বাগত বক্তব্য রাখেন চ্যানেল আই’র পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ। উপস্থিত ছিলেন জনপ্রিয় ব্যান্ড তারকা আইয়ুব বাচ্চু এবং অংশগ্রহণকারী ব্যান্ডগুলোর প্রতিনিধিরা।
চ্যানেল আই’র পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ বলেন, ‘ব্যান্ড ফেস্টের এটি চতুর্থ বছর। গত তিন বছরের সফলতা ছিল উল্লেখ করার মতো। ব্যান্ড সঙ্গীত ভক্তদের জন্য দিনটি আনন্দের। আশা করছি আইয়ুব বাচ্চুর নেতৃত্বে এবছরের ব্যান্ড ফেস্ট আরও অনেক গতিশীল হবে।’ তিনি আরও বলেন, ‘মুক্তিযুদ্ধের সময় জর্জ হ্যারিসন তার গান দিয়ে বিদেশের কাছে বাংলাদেশের যুদ্ধকে আরও শক্তিশালী করে তুলে ধরেছিলেন। অথচ একটা সময়ে ব্যান্ড সংগীতকে সহজ ভাবে নিতে পারেনি মানুষ। সেই ব্যান্ডেরই এখন জয় জয়কার।’
আইয়ুব বাচ্চু বলেন, ‘আর কোথাও না হলেও স্বপ্ন পূরণ চ্যানেল আইতে হয়। যতদিন চ্যানেল আই থাকবে, ততদিন ব্যান্ড ফেস্ট থাকবে। যতদিন বাংলাদেশ আছে, ততদিন ব্যান্ড ফেস্ট চলবে।’
ব্যান্ড সংগীতের প্রধান শক্তি হলো তারুণ্য। ব্যান্ড ফেস্টে তারুণ্যের অংশগ্রহণ থাকবে বেশি। জনপ্রিয় ব্যান্ড এর পাশাপাশি নতুন কিছু ব্যান্ড প্রথমবারের মতো পারফর্ম করবে। এবারের ফেস্টে অংশ নেবে এল আরবি, জলের গান, স্পন্দন, তীরন্দাজ, তরুণ, অবসকিউর, ডিফারেন্ট টাচ, আনাড়ি, রঙ, সেতার, সারগম, দূরবীন, সাসটেইন এবং চ্যাপ্টার-ওয়ান।









