ব্যাটসম্যানরা তাদের প্রস্তুতি ভালোমতো সেরেছেন বলা যায়। দেখার ছিল বোলাররা কেমন করেন। রোববার সকালে মোটামুটি ভালোই চলছিল সবকিছু। কিন্তু প্রকৃতির খেয়ালে বাংলাদেশের বোলাররা গা গরম করতে পারলেন মাত্র ১২ ওভার!
লিংকনে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে বাংলাদেশের দুই দিনের প্রস্তুতি ম্যাচের শেষদিনে বাগড়া দিয়েছে বৃষ্টি। তাতে ১২ ওভারের বেশি হতে পারেনি দিনের খেলা। স্বাভাবিকভাবেই ম্যাচ হয়েছে ড্র।
এই ১২ ওভার খেলে ৪.৭৫ গড়ে ৫৭ রান তুলে ফেলে নিউজিল্যান্ড একাদশ। ওপেনার অ্যান্ড্রু ফ্লেচার মারমুখী খেলে ৩২ বলে করেছেন ৪৩। মাত্র এক ওভার বল করেই তাকে বোল্ড করে জাতীয় দলের হয়ে নিজের অভিষেকের দাবিটা জোরাল করেছেন পেসার ইবাদত হোসেন।
খারাপ করেননি মোস্তাফিজুর রহমান। পাঁচ ওভার বল করে ৯ রান খরচায় পেয়েছেন জ্যাকব ভুলার উইকেট। আরেক পেসার খালিদ আহমেদ ৩ ওভার বল করে দিয়েছেন ৮ রান।
তবে আবু জায়েদ রাহীর প্রদর্শনী এতটা প্রসন্ন ছিল না। ৩ ওভার বল করে ৩৪ রান বিলিয়েছেন এ পেসার।
প্রথম দিনে ব্যাট করে ৪১১ রান করেছিলেন বাংলাদেশের ব্যাটসম্যানরা। উপর সারির সবার রান পাওয়ার দিনে ব্যাট করেননি মুশফিকুর রহিম ও মোহাম্মদ মিঠুন। দুজনেরই চোট সমস্যা আছে। ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া তিন টেস্টের সিরিজের প্রথম ম্যাচে দুজনকে পাওয়া নিয়েও আছে প্রশ্ন!








