বৃষ্টি থেমেছে অনেকক্ষণ আগেই। আকাশও পরিষ্কার হতে শুরু করেছে। তবে মাঠ ভেজা থাকায় বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার তৃতীয় ও শেষ টি-টুয়েন্টি ম্যাচের টসে বিলম্ব হচ্ছে।
সিরিজের প্রথম ম্যাচ ভেসে গিয়েছিলেন বৃষ্টিতে। ডমিনিকায় পরেরটিতে বাংলাদেশকে ৩৫ রানে হারিয়ে সিরিজে লিড নেয় ক্যারিবীয়রা। গায়ানায় শেষ ম্যাচে টাইগারদের মুখোমুখি হচ্ছে তারা।
উইন্ডিজ সফরে টেস্ট সিরিজে পাত্তাই পায়নি বাংলাদেশ। টি-টুয়েন্টিতেও হতাশ করছে দল। সিরিজ হার এড়াতে জয়ের বিকল্প নেই মাহমুদউল্লাহ রিয়াদের দলের সামনে। সবশেষ ১১ ম্যাচে টি-টুয়েন্টি সংস্করণে বাংলাদেশের জয় মাত্র একটি।
২০১৮ সালে দ্বীপ দেশটিতে সবশেষ সফরে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশড হওয়ার পর টি-টুয়েন্টি সিরিজ ২-১ ব্যবধানে জিতেছিল বাংলাদেশ।








