মানুষ বলে বিয়ে এমন এক দিল্লীকা লাড্ডু, যা খেলেও পস্তাতে হয়- না খেলেও পস্তাতে হয়! তাই বিয়ে নামের ‘দিল্লীকা লাড্ডু’ খেয়ে পস্তানোই ভালো! এমনটাই ভেবেছিলেন গল্পের নায়ক সেলিম। তিনি বাবা মা হারা স্বজনহীন এক মধ্যবিত্ত যুবক।
যার স্বপ্ন বিয়ে করে সংসারে আনবেন নতুন অতিথি। সাদা-কালো একঘেয়েমি জীবনটা হয়ে উঠবে সম্পূর্ণ রঙিন। ইউআই ইঞ্জিনিয়ার সেলিম বউ খোঁজার জন্য অনলাইনকেই টার্গেট করে। সেখানেই একের পর এক ঘটতে থাকে নাটকীয় সব ঘটন-অঘটন ও বিড়ম্বনা।
সেলিম কি খুঁজে পায় তার স্বপ্নের রাজকন্যা? নাকি অনলাইনে সুবিধা না করতে পেরে ফিরে আসে অফলাইনে? জানতে হলে দেখতে হবে দেশের সবচেয়ে বড় স্ট্রিমিং প্ল্যাটফর্ম বঙ্গ বিডির নতুন ২০ পর্বের হাস্য রসাত্মক ধারাবাহিক, ‘বিয়ে করতে গিয়ে’। ১০ জানুয়ারি বঙ্গের ওটিটি প্ল্যাটফর্মে প্রচার হচ্ছে নাটকটি।
‘বিয়ে করতে গিয়ে’ পরিচালনা করেছেন ইমরাউল রাফাত। মূল চরিত্রে আছে নিলয় আলমগীর, পারসা ইভানা তাসনুভা তিশা, শহীদুল আলম সাচ্চু, শামীমা নাজনীন, সাইদুর রহমান পাভেল, রিমি করিম প্রমুখ।
এটি রচনা করেছেন সুপরিচিত চিত্রনাট্যকার মারুফ রেহমান। তিনি বলেন, জীবনের অর্ধেক ঝামেলা শুরু হয় বিয়ে করতে গিয়ে। আর বাকি অর্ধেক ঝামেলা বিয়ের পরে। এবারের গল্পটা এক ব্যাচেলর যুবকের বিয়ে করা নিয়ে। আমার বিশ্বাস কাজটি দর্শক দারুণভাবে উপভোগ করবে। কারণ, এখানে বিনোদনের সব উপাদান রয়েছে।
‘বিয়ে করতে গিয়ে’ প্রসঙ্গে বঙ্গের চিফ কন্টেন্ট অফিসার মুশফিকুর রহমান বলেন, এটি একশতভাগ বিনোদনধর্মী একটি নাটক। চিত্রনাট্য থেকে শুরু করে অভিনেতা-অভিনেত্রী নির্বাচনের ক্ষেত্রেও বিনোদনকেই প্রধান্য দেওয়া হয়েছে। আমার বিশ্বাস নতুন বছরের এই নাটকটি সকল শ্রেণির দর্শককে আনন্দ দিতে সক্ষম হবে।








