সবকিছু চূড়ান্ত থাকলেও গেল মাসের শেষ দিকে এসে আলী আব্বাস জাফরের ব্যয়বহুল ছবি ‘ভারত’ থেকে সরে দাঁড়ান প্রিয়াঙ্কা চোপড়া। মূলত বিয়ের অজুহাতেই ছবিটি থেকে নিজের নাম প্রত্যাহার করেন। তবে এবার শোনা যাচ্ছে, বলিউডের অন্য একটি ছবিতে অভিনয় শুরু করেছেন এই অভিনেত্রী। তাহলে ‘ভারত’ কেন ছাড়লেন?
‘ভারত’ থেকে সরে যাওয়ার পর অনেকেই ভেবেছিলো হলিউডের নিক জোনাসকে শিগগির বিয়ে করবেন বলেই হয়তো এমন সিদ্ধান্ত। সময় সংকুলানের অভাবে হয়তো ‘ভারত’ না করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। তা না হলে এমন বিগ বাজেটের ছবি ছাড়ার কথা নয়! অথচ ‘ভারত’ ছাড়ার পর এবার বলিউডের অন্য একটি ছবিতে অভিনয় করতে দেখা যাচ্ছে প্রিয়াঙ্কাকে।
সিদ্ধার্থ রায় কাপুর ও রনি প্রযোজিত নতুন ছবি ‘দ্য স্কাই ইজ পিঙ্ক’-এর শুটিং শুরু হয়েছে মুম্বাইয়ে। আর এই ছবিতে ১৩ বছর বয়সী একজন মেয়ের মায়ের চরিত্রে অভিনয় করছেন প্রিয়াঙ্কা।
সম্প্রতি ছবির শুটিংয়ের সময়কার কয়েকটি ছবিও দেখা গেছে। যেখানে একসঙ্গে ফ্রেমবন্দি হয়েছেন ফারহান আখতার, জায়রা ওয়াসিম, সিদ্ধার্থ রায় কাপুর। মুম্বাইয়ে শুটিং শেষ করে ‘দ্য স্কাই ইজ পিঙ্ক’ টিম যাবে লন্ডন, দিল্লি ও আন্দামানের বিভিন্ন জায়গায়।
একটি সত্য ঘটনা অবলম্বনে তৈরি হচ্ছে ‘দ্য স্কাই ইজ পিঙ্ক’। আয়েশা চৌধুরী নামের ১৩ বছর বয়সী এক মেয়েকে নিয়েই মূলত সিনেমার কাহিনি। যিনি ৬ মাস বয়স থেকেই ইমিউন ডেফিসিয়েন্সি ডিসঅর্ডারে আক্রান্ত। তবে জীবন যাপনে ছিলেন মারাত্মক ইতিবাচক। জন্মের পরই মৃত্যু ঝুঁকিতে থাকা আয়েশা পৃথিবীতে বেঁচে ছিলেন মাত্র ১৩ বছর। এই অল্প সময়েই দিল্লীতে জন্ম নেয়া আয়েশা মোটিভেশনাল স্পিকার হিসেবে মানুষের মন জয় করেছিল।
ছবিতে আয়েশা চৌধুরীর চরিত্রে অভিনয় করতে দেখা যাবে ‘দঙ্গল’ খ্যাত অভিনেত্রী জায়রা ওয়াসিম। তার মায়ের চরিত্রেই অভিনয় করবেন প্রিয়াঙ্কা। আর বাবার চরিত্রে দেখা যাবে ফারহান আখতারকে।
‘দ্য স্কাই ইজ পিঙ্ক’-এ অভিনয় নিয়ে অনেকে প্রিয়াঙ্কার দিকে প্রশ্ন তুলছেন, বিয়ের অজুহাতে ‘ভারত’-এর মতো সিনেমা ছেড়ে দিলেন, কিন্তু ‘দ্য স্কাই ইজ পিঙ্ক’-এ কীভাবে অভিনয় করছেন? এমন পরিস্থিতিতে এমন গুঞ্জনও শোনা যাচ্ছে, ‘ভারত’ টিমের সঙ্গে আভ্যন্তরিন কোনো ঝামেলার কারণেই ছবিটি করছেন না প্রিয়াঙ্কা। এমনকি সালমানের সঙ্গেও আগের মতো আর সম্পর্ক নেই তার। কারণ, ‘ভারত’ ছাড়ার পর প্রকাশ্যে প্রিয়াঙ্কা চোপড়ার সমালোচনা করেছেন সালমান!








