বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান নাজমুল করিম টিংকু মারা গেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার বিকেলে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৭ বছর।
নাজমুল করিম টিংকু কলাবাগান থানা আওয়ামী লীগের সভাপতি ছিলেন। একই সঙ্গে কলাবাগান ক্রীড়াচক্রেরও সাধারণ সম্পাদক ছিলেন। এই রাজনীতিবিদ এবং ক্রীড়া সংগঠকের মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শোক প্রকাশ করেছেন।
বিসিবি পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস চ্যানেল আই অনলাইনকে বলেন, ‘খাদ্যে বিষক্রিয়ার কারণে কয়েকদিন আগে স্কয়ার হাসপাতালে ভর্তি হন নাজমুল করিম। এরপর সেখান থেকে তাকে অ্যাপোলো হাসপাতালে স্থানান্তর করা হয়। অবস্থার অবনতি হলে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুর নেওয়ার সিদ্ধান্ত হয়। কিন্তু সে সুযোগ আমরা পাইনি।’








