চট্টগ্রাম থেকে: জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগে তিন দিনের প্রস্তুতি ম্যাচের জন্য বিসিবি একাদশ ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ১২ সদস্যের দলে আছেন পেসার শাহাদাত হোসেন রাজীব।
হাঁটুতে অস্ত্রোপচার ও শিশু নির্যাতনের ঘটনায় মামলায় জড়িয়ে পড়ার পর আড়ালেই চলে গিয়েছিলেন ৩৮ টেস্টে ৭২ উইকেট নেয়া শাহাদাত। চলতি জাতীয় লিগের প্রথম রাউন্ডে উভয় ইনিংসে ৪টি করে উইকেট নেয়ার পর আবারও নির্বাচকদের রাডারে আসেন।
৩২ বছর বয়সী এ পেসার ২০১৫ সালে মিরপুরে পাকিস্তানের বিপক্ষে সবশেষ টেস্ট খেলেছিলেন। ওই ম্যাচে বল করতে গিয়ে হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে যায় শাহাদাতের। অস্ত্রোপচারের এক বছর পর ফেরেন ঘরোয়া ক্রিকেটে।
বিসিবি একাদশে টেস্ট খেলা ক্রিকেটারদের মধ্যে আরও আছেন মোসাদ্দেক হোসেন সৈকত, নুরুল হাসান সোহান, রুবেল হোসেন ও নাজমুল হোসেন শান্ত।
আগামী ২৯-৩১ অক্টোবর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে হবে ম্যাচটি। সিরিজের প্রথম টেস্ট খেলতে বাংলাদেশ দল সিলেট যাবে ২৭ অক্টোবর। টেস্ট সিরিজের জন্য এখনও দল ঘোষণা করেনি বিসিবি।
বিসিবি একাদশ: ফজলে মাহমুদ রাব্বি, মিজানুর রহমান, নাজমুল হোসেন শান্ত, জাকির হাসান, মোসাদ্দেক হোসেন সৈকত, আরিফুল হক, আফিফ হোসেন ধ্রুব, নুরুল হাসান সোহান, ইবাদত হোসেন, আবু হায়দার রনি, রুবেল হোসেন, শাহাদাত হোসেন রাজীব।







