বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) পঞ্চম আসরে এসে প্রথম শিরোপার স্বাদ পেল বিসিবি উত্তরাঞ্চল। আগের চার আসরে দু’বার করে শিরোপা জেতে প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চল ও ওয়ালটন মধ্যাঞ্চল। এবারের আসরে শুরু থেকেই দাপট দেখিয়েছে উত্তরাঞ্চল। ফতুল্লায় শেষ রাউন্ডের ম্যাচে শেষ দিনের বিকেলের সেশন বৃষ্টির কারণে মাঠে গড়ায়নি। পূর্বাঞ্চলের বিপক্ষে শেষ ম্যাচটি ড্র করেই শিরোপা নিশ্চিত করলো দলটি।
উত্তরাঞ্চলের শিরোপা প্রায় নিশ্চিত হয়ে গিয়েছিল ম্যাচের তৃতীয় দিনেই। তবে শেষ দিনের আনুষ্ঠানিকতার অপেক্ষা ছিল। শেষ দিনে কোন অঘটন না ঘটলে প্রত্যাশিত ড্রয়ে ৬ ম্যাচে সর্বোচ্চ ২২ পয়েন্ট নিয়ে শিরোপা ঘরে তোলে জহুরুল ইসলামের দল।
খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে আগের দিনের ৬ উইকেট হারিয়ে তোলা ২৩৯ রানে চতুর্থ দিন শুরু করে উত্তরাঞ্চল। পরে ৮ উইকেটে ২৯৫ রান করার পর দ্বিতীয় ইনিংস ঘোষণা করে। উত্তরাঞ্চলের লিড দাঁড়ায় ৪৫৩ রান। ১২২ রান করে অপরাজিত থাকেন বাঁহাতি ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্ত। প্রথম ইনিংসে দক্ষিণাঞ্চলের করা ৩৭৪ রানের জবাবে ২১৬ রানে থেমে যায় পূর্বাঞ্চলের ইনিংস।
দুই সেশনে ৪৫৪ রানের লক্ষ্য দাঁড়ায় পূর্বাঞ্চলের সামনে। ব্যাটিংয়ে নেমে ৩ উইকেটে ১২৮ রান তোলার পর মেঘাচ্ছন্ন আবহাওয়ার কারণে আলোর স্বল্পতা দেখা দিলে খেলা বন্ধ হয়ে যায়। পরে বৃষ্টি শুরু হলে বিকেলে দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করেন আম্পায়াররা। ড্র করে শিরোপা জয়ের আনন্দে মাতে নাঈম-নাসির, ফরহাদ-শফিউলরা। প্রথম ইনিংসে উত্তরাঞ্চলের হয়ে ১০৮ রানের ইনিংস খেলা ফরহাদ হোসেন হয়েছেন ম্যাচ সেরা।
বিকেএসপির মাঠে প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চল ও ওয়ালটন মধ্যাঞ্চলের ম্যাচটিও প্রত্যাশিত ড্র হয়েছে। চার দিনে দু’দলের উইকেট পড়েছে মাত্র ১৮টি। ব্যাটিং স্বর্গে দক্ষিণাঞ্চলের করা ৮ উইকেটে ৭৪৯ রানের জবাবে মধ্যাঞ্চলের ইনিংস শেষ হয় ৪১৫ রানে। জবাবে কোন উইকেট না হারিয়ে ৩৩ রান তোলার পর দিনের শেষ ভাগে গিয়ে ড্র ঘোষণা করা হয় ম্যাচটি। ৬ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে রানার্সআপ হলো দক্ষিণাঞ্চল। ১৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে পূর্বাঞ্চল ও ১০ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে থাকলো মধ্যাঞ্চল।








