এলপার ডগার (এডি) সায়েন্টিফিক ইনডেক্স র্যাঙ্কিং-২০২৩ এ বিশ্বসেরা গবেষকদের তালিকায় স্থান পেয়েছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ৫৯ জন শিক্ষক। গত বছর এই র্যাংকিংয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছিলেন ২৮ জন।
এডি সায়েন্টিফিক ইনডেক্সের ওয়েবসাইট থেকে জানা যায়, বিশ্বের ২১৬টি দেশের ১৯ হাজার ৫২৫টি প্রতিষ্ঠানের ১২ লাখ ৩৩ হাজার ৫২৩ জন গবেষক এ তালিকায় স্থান পেয়েছেন। আন্তর্জাতিক মানের এই সূচকে ১১ ক্যাটাগরিতে গবেষকদের ভাগ করা হয়েছে।
প্রকাশিত তালিকায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের গবেষকদের মধ্যে ১ম এবং বাংলাদেশের গবেষকদের মধ্যে ১,৪৯১ তম স্থানে রয়েছেন একাউন্টিং এন্ড সিস্টেমস বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল উদ্দিন। তার মোট সাইটেশন সংখ্যা ৬২৮টি।
এছাড়াও তালিকায় স্থান পাওয়া বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষক হলেন: আইসিটি বিভাগের সহযোগী অধ্যাপক মো. তোফায়েল হোসেন মজুমদার, অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. স্বপন চন্দ্র মজুমদার, গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. গোলাম মর্তুজা তালুকদার।
গত বছরের থেকে ৩১ জন বেশি গবেষক আন্তর্জাতিক এ তালিকায় স্থান পাওয়ায় বিশ্ববিদ্যালয়টির গবেষণায় অগ্রগতি হচ্ছে বলে মনে করছে শিক্ষার্থীরা।
উল্লেখ্য, এলপার ডগার সায়েন্টিফিক ইনডেক্স গবেষকদের গুগল স্কলার রিসার্চ প্রোফাইল ও বিগত ৫ বছরের গবেষণার এইচ ইনডেক্স, আইটেম ইনডেক্স এবং সাইটেশন স্কোরের ভিত্তিতে র্যাঙ্কিংটি প্রকাশ করে।








