মেয়েদের ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে ক্যারিয়ারসেরা ইনিংস খেলেছেন অ্যালিসা হেলি। ডানহাতি-উইকেটরক্ষক ব্যাটারের করা ১৭০ রান ভেঙেছে বৈশ্বিক আসরের শিরোপার মঞ্চে সর্বোচ্চ রানের রেকর্ডও। অস্ট্রেলিয়ান সাবেক ব্যাটার অ্যাডাম গিলক্রিস্টের ১৪৯ রান ছাপিয়ে ছেলে-মেয়েদের টুর্নামেন্ট মিলিয়ে সবার উপরে এখন অজি পেসার মিচেল স্টার্কের সহধর্মিণী।
ব্যাট হাতে আসরে দুর্দান্ত সময় কাটালেন হেলি। সেমিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১২৯ রানের ইনিংস হাঁকানোর পর ফাইনালে পেলেন দেড়শ পেরোনো ইনিংস। রোববার ১৩৮ বলে ২৬ চারে থেমেছেন ১৭০ রান তুলে।
বিশ্বকাপের ফাইনালে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের আগের রেকর্ডটি ছিল অ্যাডাম গিলক্রিস্টের। ২০০৭ সালে ছেলেদের ওয়ানডে বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে ১৪৯ রানের দুর্দান্ত ইনিংস খেলেছিলেন হেলির স্বদেশি সাবেক উইকেটরক্ষক-ব্যাটার গিলি।
ক্রাইস্টচার্চে ফাইনালে টস হেরে ব্যাটিংয়ে দারুণ শুরু করেন অস্ট্রেলিয়ার দুই ওপেনার। র্যাচেল হেইনেসকে নিয়ে উদ্বোধনীতে ১৬০ রানের জুটি গড়েন হেলি। নিজে তিন অঙ্ক ছুঁয়েছেন ১০০তম বলে। পরে দলকে ৩১৬ রানে রেখে স্টাম্পড হয়ে ফেরেন ডানহাতি ব্যাটার।
হেলি ক্যারিয়ারসেরা রেকর্ড ইনিংসটি খেলেছেন ১৩৮ বল, হাঁকিয়েছেন ২৬টি চার, রান তুলেছেন ১২৩.১৮ স্ট্রাইকরেটে। যাতে ভর করে অস্ট্রেলিয়া ৫ উইকেট হারিয়ে ৩৫৬ রানে পৌঁছায় নির্ধারিত ওভারে।
রেকর্ড গড়া ইনিংসে আরও কিছু মাইলফলক ছুঁয়েছেন হেলি। সেমিতে শতকের পর ফাইনালেও শতক হাঁকানোর রেকর্ডে মেয়েদের ক্রিকেটে হেলিই প্রথম। এদিন হ্যাগলি ওভালে বসেই সহধর্মিণীর রেকর্ড ভাঙা-গড়ার খেলা দেখেছেন স্টার্ক। হাততালিতে যুগিয়েছেন উৎসাহ।
হেলি নিউজিল্যান্ড বিশ্বকাপে অজিদের এনে দিয়েছেন মোট ৫০৯ রান। ভেঙেছেন ২৫ বছর পুরনো এক রেকর্ড। ১৯৯৭ বিশ্বকাপে কিউইদের নারী দলের ব্যাটার ডেবি হকল ব্যাট হাতে তুলেছিলেন ৪৫৬ রান। সেটাই টপকে গেলেন ওপেনার হেলি।








