চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে পাওয়া মোহামেদ সালাহর চোটই এখন ফুটবলবিশ্বের আলোচনার কেন্দ্রে। সার্জিও রামোসের ট্যাকলে আছড়ে পড়ে পাওয়া চোটে বিশ্বকাপ থেকেই ছিটকে যাওয়ার শঙ্কায় মিশরীয় ফরোয়ার্ড। তার চোট কতটা গুরুতর? এমন প্রশ্নে সালাহর বিশ্বকাপ খেলা নিয়ে আশাবাদী তার দেশ মিশর।
সালাহর বিশ্বকাপ যাত্রা নিয়ে ইতিবাচক খবর দিয়েছেন মিশর জাতীয় দলের ফিজিশিয়ান মোহামেদ আবু ওলাও।
সেরা তারকাকে নিয়ে মিশরের ফুটবল ফেডারেশনও শুনিয়েছে আশাবাদী কথা। টুইটে জানিয়েছে, ‘সালাহর কাঁধের জোড়ার লিগামেন্টে মোচড় খেয়েছে। তবে বিশ্বকাপে তার খেলা নিয়ে আমরা আশাবাদী।’
চোটে মাঠ ছাড়ার পর সালাহর বিশ্বকাপ সম্ভাবনায় ধাক্কা লাগার মতই কথা বলেছিলেন ইয়ুর্গেন ক্লপ। লিভারপুলের জার্মান কোচের চোখে শুরুতে বিশেষ সুবিধার লাগেনি প্রিয় শিষ্যের চোটের অবস্থা।
শনিবার রাতে কিয়েভের ফাইনালে ট্যাকল করার সময় সালাহকে অনেকটা জোরেই মাটিতে আছড়ে ফেলেন রামোস। পড়েই কাতরাচ্ছিলেন, উঠে চোটটা আরও ভালোভাবে বুঝে যান সালাহ। ফিজিওর সাহায্যে কিছুক্ষণ প্রাথমিক চিকিৎসা চলে। মাঠেও ফিরেছিলেন তখন। কিন্তু পরক্ষণেই আবার ডেকে পাঠান ফিজিওকে। চোখের জলে বুঝিয়ে দেন আর খেলতে পারবেন না।
ফুটবলবিশ্বকে নাড়া দেয়া সেই চোটের শুরুর ধাক্কার পর ‘মিশরের রাজা’র বিশ্বকাপ খেলার ব্যাপারে এখন আশায় বুক বাঁধছে মিশর। ২৮ বছর পর দেশকে বিশ্বকাপে তুলেছেন সালাহ। তার কাঁধে দেশের অধিনায়কের ভারও। সেই কাঁধ দ্রুত সেরে ওঠার প্রার্থনায় এখন মিশর ও ফুটবলপ্রেমীরা।







