জঙ্গি সংগঠন আইএস’র উপ-প্রধান ফাদিল আহমেদ আল-হায়ালি মার্কিন বিমান হামলায় নিহত হয়েছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র। হায়ালি হাজি মুতাজ নামেও পরিচিত। তাকে দলটির দ্বিতীয় প্রধান নেতা বলে বিশ্বাস করে হোয়াইট হাউজ।
অবশ্য কয়েক মাস আগে ইরাকের উত্তরাঞ্চলে বিমান হামলায় নিহত আরেক আইএস নেতা আবদুল রহমান মুস্তফা মোহাম্মদকেও আইএস’র ‘দ্বিতীয় প্রধান’ বলে ঘোষণা দিয়েছিলো ইরাকের প্রতিরক্ষা মন্ত্রণালয়।
সংশ্লিষ্ট মার্কিন সেনা কর্মকর্তারা জানান, মঙ্গলবার ইরাকের মসুলে হায়ালির গাড়িতে বিমান হামলায় সে মারা যায়। তার সাথে আবু আবদুল্লাহ নামের আইএস’র মিডিয়া কার্যক্রম সমন্বয়কারী আরেক সদস্যও নিহত হয়েছে বলে জানিয়েছেন তারা।
হায়ালি আইএস’র পক্ষ থেকে ইরাক ও সিরিয়ায় ব্যাপক পরিমাণে অস্ত্র, গোলাবারুদ, যানবাহন এবং মানুষ আনা-নেওয়ার দায়িত্বে ছিলো বলে এক বিবৃতিতে জানিয়েছেন মার্কিন জাতীয় নিরাপত্তা কাউন্সিলের মুখপাত্র নেড প্রাইস। হায়ালির মৃত্যুতে আইএস’র কর্মকাণ্ড ভীষণভাবে ব্যাহত হবে বলে মনে করেন তিনি।
সাম্প্রতিক সময়ে মার্কিন নেতৃত্বে সরকারের সঙ্গে যৌথভাবে পরিচালিত বিমান হামলায় ইরাক ও সিরিয়ায় বেশ কয়েকজন আইএস নেতা নিহত হয়েছে।







