হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে গতকাল মারা গেছেন ভারতের প্রতিরক্ষাপ্রধান বিপিন রাওয়াত, তার স্ত্রী, প্রতিরক্ষা সহকারী, নিরাপত্তা কমান্ডো, বিমানবাহিনীর কর্মকর্তাসহ ১৩ জন। একসঙ্গে এত প্রাণ ঝরে যাওয়ায় শোক নেমেছে ভারতে। শোকবার্তা জানাচ্ছেন বলিউড তারকারাও। অমিতাভ বচ্চন, অক্ষয় কুমার, সালমান খান, করণ জোহর, অজয় দেবগণ, ইয়ামি গৌতমসহ এক ঝাঁক বলিউড তারকা শোক প্রকাশ করেছেন সামাজিক মাধ্যমে।
করণ জোহর লিখেছেন, ‘খুবই চমকে গেছি। মন খারা হয়েছে বিপিন রাওয়াত, তার স্ত্রী এবং ভারতের প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের প্রয়াণে। তার নিঃস্বার্থ সেবার জন্য স্যালুট জানাই। রেস্ট ইন পাওয়ার।’
অমিতাভ বচ্চন লিখেছেন, ‘দুঃখে আছি, কষ্টে আছি।’
ইয়ামি গৌতম লিখেছেন, ‘আমাদের দেশের জন্য কষ্টের একটি দিন। আমরা এখনও বিশ্বাস করতে পারছি না খবরটি। সমবেদনা জানাই।’
অক্ষয় লিখেছেন, ‘জেনারেল রাওয়াত এবং আমাদের সশস্ত্র বাহিনীর কর্মীদের মর্মান্তিক মৃত্যুতে অত্যন্ত ব্যথিত। পরিবারের প্রতি প্রার্থনা এবং গভীর সমবেদনা।’
অজয় দেবগণ লিখেছেন, ‘জেনারেল বিপিন রাওয়াত, তার স্ত্রী মধুলিকা রাওয়াত এবং ভারতীয় সশস্ত্র বাহিনীর তার সৈন্যদের অকালমৃত্যুর খবর পেয়ে শোকাহত। তাদের সকলের পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা।’
সালমান লিখেছেন, ‘মর্মান্তিক দুর্ঘটনায় জেনারেল বিপিন রাওয়াত, তার স্ত্রী এবং সশস্ত্র বাহিনীর অন্যান্য কর্মীদের হারানোর খবর শুনে খুবই ব্যথিত। আমার প্রার্থনা এবং সমবেদনা শোকাহত পরিবারের জন্য।’






