ফুটবলকে দেশের আনাচে কানাচে ছড়িয়ে দেওয়ার পুরোনো উদ্যোগই আবার নতুন করে হাতে নিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। সে লক্ষ্যেই বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলের নবম আসরের বেশিরভাগ খেলা পাঠানো হয়েছে ঢাকার বাইরে। দেশের প্রধান পেশাদার এই লিগকে এবার নতুন ভাবে ফুটবল প্রেমিদের কাছে পৌছাতে চায় বাফুফে।
২৪ জুলাই শুরু হচ্ছে বিপিএল ফুটবলের নতুন আসর। এবার লীগের টাইটেল স্পনসর জাজ ভুইয়া গ্রুপ।
ইংলিশ প্রিমিয়ার লিগ ইপিএল, স্প্যানিশ লা-লিগা, কিংবা জার্মান বুন্দেসলিগা। এ দেশের বেশিরভাগ ফুটবল প্রেমিই জানেন নিজের প্রিয় ক্লাব কবে কোথায় কার সঙ্গে খেলবে। কিন্তু তাদের বেশিরভাগই খবর নেন না বাংলাদেশ ফুটবল লিগ বিপিএলের।
দেশের ফুটবল, ফুটবলার এবং ক্লাবের সঙ্গে ভক্তদের এই বিচ্ছেদের কারণ মাঠের ফুটবলের মানহীনতা। সে লক্ষ্যেই কাজ শুরু করেছে ফেডারেশনের নতুন কমিটি। এবছরের নির্বাচনী ইশতেহারে তাদের প্রধান ও গুরুত্বপূর্ণ বিষয়ও ছিলো ঘরোয়া ফুটবলের মানোন্নয়ন।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দিন বলেন, এর জন্য আমার দরকার দুটি জিনিস। আমার প্লেয়ারদের মাঠে ভালো খেলতে হবে আর মিডিয়ার সাপোর্ট। এই দুইটা সাপোর্ট থাকলে আগামী চার বছরে আমরা যেই প্ল্যান প্রোগ্রাম নিয়েছি তাতে আমার মনে হয় আমরা অনেক কিছুই করতে পারি। বাংলাদেশের ফুটবলের চিত্রই আমরা পাল্টে ফেলতে পারবো।
জেবি গ্রুপের চেয়ারম্যান ফয়জুর রহমান ভুইয়া বলেন, মূলত আমরা ফুটবলকে আরও যুগোপযুগী এবং সার্বিকভাবে উন্নত করার জন্য স্পন্সরশিপ নিয়েছি।
বাফুফের কাছ থেকে ৫ বছরের জন্য বিপিএলের স্বত্ব কেনা সাইফ গ্লোবাল স্পোর্টসেরও টার্গেট ব্যবসার পাশাপশি প্রধান এ ফুটবল লিগকে আন্তর্জাতিক মানে নিয়ে যাওয়া।
সাইফ গ্লোবাল স্পোর্টসের চেয়ারম্যান তরফদার মো. রুহুল আমিন বলেন, সোনারগাতে আগামী ১৮ জুলাই বিপিএলের লোগো উম্মোচনের অনুষ্ঠান হবে। সাথে সাথে ট্রফিরও উম্মোচন হবে সেদিন।
২০ জুলাই চট্টগ্রামে জমকালো উদ্বোধনী অনুষ্ঠানে পর্দা উঠবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের নতুন আসরের। ২৪ জুলাই থেকে চট্টগ্রাম, সিলেট, যশোর ও গোপালগঞ্জে পর্যায়ক্রমে শুরু হবে ফুটবল লীগ।








