বঙ্গবন্ধু বিপিএলে প্লেয়ার্স ড্রাফট থেকে দল পেয়েছিলেন তিন দেশি লেগ স্পিনার। তারা- আমিনুল ইসলাম বিপ্লব, মিনহাজুল আবেদীন আফ্রিদি ও অলক কাপালি। তিনের সঙ্গে পরে যোগ হয়েছে আরও দুই।
বিপিএলে পরে দল পেয়েছেন জুবায়ের হোসেন লিখন ও রিশাদ হোসেন। দেশের লেগ স্পিনারদের মধ্যে দল পাননি কেবল তানভীর হায়দার।
আন্তর্জাতিক ম্যাচ খেলায় সবচেয়ে অভিজ্ঞ জুবায়েরকে নিয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। আর রিশাদ খেলবেন রংপুর রেঞ্জার্সের হয়ে।
১৭ নভেম্বর বঙ্গবন্ধু বিপিএলের প্লেয়ার্স ড্রাফট থেকে জাতীয় দলের তরুণ লেগ স্পিনার আমিনুল ইসলাম বিপ্লবকে নেয় খুলনা টাইগার্স। নেট বোলার থেকে গত আসরে রংপুর রাইডার্সে অভিষিক্ত মিনহাজুলকে নেয় রাজশাহী রয়্যালস। অভিজ্ঞ লেগ স্পিনিং অলরাউন্ডার অলককেও নিয়েছে দলটি।
বড় মঞ্চে দেশের লেগ স্পিনারদের সুযোগ করে দিতে এবার সচেষ্ট বিসিবি। নিজস্ব ব্যবস্থাপনায় বিপিএল আয়োজন করায় বিসিবি নিজেদের পরিকল্পনার বাস্তবায়ন ঘটাতে যাচ্ছে। যার একটি ‘অবহেলিত শিল্প’ লেগ স্পিনকে দেশের ক্রিকেটে জাগ্রত করা।
শূন্য থেকে এবার পাঁচ লেগ স্পিনারের অন্তর্ভুক্তি লক্ষ্য বাস্তবায়নের প্রথম ধাপ। বাধ্যতামূলক দেশি লেগ স্পিনারদের একাদশে রাখার বাধ্যবাধকতাও থাকতে পারে বিপিএলে। তাতে যদি জাতীয় দলে লেগ স্পিনারের সংকট কাটে!








