টি-টুয়েন্টি ক্রিকেটের ‘মাস্টার’ ক্রিস গেইল জানিয়েছেন ধুম-ধারাক্কা ক্রিকেট দিয়ে আগের মতোই বিপিএল মাতাতে তৈরী তিনি। বরিশাল বুলসের জার্সিতে আগামীকাল সিলেট সুপারস্টারসের বিপক্ষে মাঠে নামছেন এই ক্যারিবীয়।
প্রথম বিপিএলের প্রথম ম্যাচেই ‘দুর্ধর্ষ’ এক সেঞ্চুরি করে বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে নিজের অভিষেকটা দুর্দান্ত করেছিলেন ওয়েস্ট ইন্ডিয়ান ব্যাটসম্যান ক্রিস গেইল। এরপরও বিপিএল-এর ম্যাচগুলোতে তার বিধ্বংসী রূপ দেখেছেন দর্শকরা।
সিজন থ্রি খেলতে শনিবার বরিশাল বুলসের সঙ্গে প্রথম অনুশীলনে যোগ দেন এই হার্ডহিটার ব্যাটসম্যান। নেট প্র্যাকটিসে নিজের মতোই নিজেকে তৈরী করেছেন গেইল, জানিয়েছেন বিপিএলে আগের মতোই ব্যাট চালাতে চান তিনি।
গেইল বলেন, আমি ইন্টারনেটে নিয়মিত খেলার খোঁজখবর রেখেছি। মাহমুদুল্লাহর ক্যাপ্টেন্সিতে এরইমধ্যে দল অনেক দূর এগিয়েছে। আমি দলের বাকি ম্যাচগুলোতে দলকে সাহায্য করবো। যতটা সম্ভব দর্শকদের এন্টারটেইন করারও চেষ্টা করবো। আর যেহেতু এগুলো ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ। তাই দর্শকরাও এমনই আশা করে।
গেইল যোগ দেওয়ায় মাঠের ক্রিকেটে নামার আগেই মানসিকভাবে অনেকটা চাঙ্গা বরিশাল বুলস।
বরিশালের গেইলের মতোই ঢাকা ডায়নামাইটসের ‘চালিকা শক্তি’ লংকান সুপারমাস্টার কুমার সাঙ্গকারা। চট্টগ্রামে জয় না পাওয়া সাঙ্গার দলও ফিরতে চায় জয়ে।
ঢাকা ডাইনামাইটসের অধিনায়ক সাঙ্গাকারা বলেন, গত দুই ম্যাচে আমরা কিছু ভুল করেছি। কিন্তু টি-টুয়েন্টি ক্রিকেটে এমনটা হতেই পারে। তবে আমি এখনো বিশ্বাস করি বিপিএলে আমরাই সেরা দল।
রোববার মিরপুরে দুপুর আড়াইটায় ক্রিস গেইলদের সঙ্গে খেলবে পয়েন্ট টেবিলের ৬ নম্বর দল মুশফিকুর রহিমের সিলেট সুপার স্টারস। আর সন্ধ্যা সাড়ে ৬টায় সাঙ্গাকারার ঢাকা মাঠে নামবে সাকিব আল হাসানের রংপুর রাইডার্সের বিপক্ষে।







