যুদ্ধাপরাধের বিচার ঠেকাতে দেশকে অস্থিতিশীল করতে জামায়াত শিবির বিদেশী নাগরিক হত্যা করে থাকতে পারে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেছেন, গাইবান্ধার এমপি লিটনকে কোনো ছাড় দেবে না সরকার।
এক সপ্তাহের মধ্যে দুজন বিদেশী নাগরিক নিহত হওয়ার পরপরই কূটনীতিক পল্লীর কাছে বাড্ডায় পীর হিসেবে পরিচিত পিডিবি’র সাবেক চেয়ারম্যান হত্যাকাণ্ড। রাজধানীতে এক অনুষ্ঠান শেষে বিদেশী নাগরিক হত্যাকাণ্ডের তদন্ত নিয়ে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন। তিনি বলেন, সব ধরনের সন্দেহ মাথায় নিয়ে আমরা কাজ করছি। কোনোটাই অমূলক ভাবছি না। এতে জামাত শিবিরের যোগ থাকতে পারে। যুদ্ধাপরাধীর বিচারের প্রতিক্রিয়া হতে পারে। দেশকে অস্থিতিশীল পরিস্থিতিতে নিয়ে যাওয়ার প্রক্রিয়া হতে পারে। হতে পারে অগ্নিসন্ত্রাসেরও নতুন ধরণ।
সরকারী দলের বলেই কি শিশুকে গুলি করা গাইবান্ধার এমপি লিটন গ্রেফতার হচ্ছেন না, এমন প্রশ্ন ছিলো সাংবাদিকদের। জবাবে তিনি বলেন, আমরা আমাদের এমপি বা নেতাকর্মী কাউকেই ছাড় দিচ্ছি না। যে অন্যায় করে তার বিরুদ্ধেই ব্যবস্থা নেয়া হচ্ছে। আমরা তার বিরুদ্ধে মামলা নিয়েছি, তার অস্ত্র বাজেয়াপ্ত করেছি। তাকে অবশ্যই বিচারের সম্মুখীন হতে হবে।
গোপীবাগে পীর লুৎফর রহমান, রাজাবাজারে মাওলানা ফারুকী এবং সর্বশেষ বাড্ডায় পীর খিজির খান। চাঞ্চল্যকর এসব হত্যাকাণ্ডের ঘটনায় হত্যাকারীদের গ্রেফতারে সম্ভব সব চেষ্টাই হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।







