দেশের আদালতগুলোতে মামলাজট, আর বিচারাধীন মামলায় কারাগারে অতিরিক্ত বন্দী থাকার বিষয়টি অনেক পুরনো। এর ফলে বিচারপ্রার্থী সাধারণ মানুষের ভোগান্তিও চরমে। তবে বিষয়গুলো এতদিন আলোচনার বাইরে থাকলেও এবার প্রধান বিচারপতির কথায় নতুনভাবে উঠে এসেছে।
প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন দেশের বিচার ব্যবস্থা সংক্রান্ত এক নিরীক্ষা প্রতিবেদন উপস্থাপন অনুষ্ঠানে বলেছেন: ‘বিচারাধীন মামলার বন্দীদের নিয়ে দেশের কারাগারগুলো প্রচণ্ডরকম গাদাগাদি পূর্ণ।’
এসময় বিচারাধীন মামলার তুলনায় বিচারকের অপর্যাপ্ততার বিষয়টিও তুলে ধরেন প্রধান বিচারপতি। তিনি বলেন: ‘প্রতিদিন মামলাজট বেড়েই চলেছে। বাংলাদেশে প্রতি দশ লাখ লোককে মাত্র ১০ জন বিচারক বিচারিক সেবা দিচ্ছেন।’
এটা বাস্তব সত্য যে, বিচারাধীন মামলার বন্দীদের দিয়েই মূলত দেশের কারাগারগুলো প্রচণ্ডরকম গাদাগাদি পূর্ণ। স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও কারা কর্তৃপক্ষ এই বন্দীদের বিষয়টি সমাধানের জন্য কাজ করে গেলেও এখনও পূর্ণ সমাধানে আসতে পারেনি। প্রধান বিচারপতির কথায়ও এ বিষয়টি উঠে এসেছে।
আমরা মনে করি, বিচারাধীন মামলায় আটক বন্দীদের চাপ থেকে মুক্ত হওয়ার বিষয়টি নতুন করে ভেবে দেখার সময় এসেছে। এজন্য বিচার ব্যবস্থাকে আরো গতিশীল এবং জনমুখী করতে আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয়, বিভিন্ন প্রতিষ্ঠানের জন্য বরাদ্দকৃত বাজেট বৃদ্ধি, বন্টন ও মানব সম্পদ উন্নয়নের উপর গুরুত্ব দেয়ার কোনো বিকল্প নেই।
এছাড়া বিচারক স্বল্পতার অবসান এবং বিকল্প বিরোধ নিষ্পত্তির কথাও বলেছেন প্রধান বিচারপতি। এসব পর্যবেক্ষণ আমলে নিয়ে শিগগিরই অচলাবস্থা নিরসনে উদ্যোগী হতে সংশ্লিষ্টদের আমরা আহ্বান জানাচ্ছি।








