মামলার শুনানিতে আইনজীবীদের নিয়মিত উপস্থিত না থাকা এবং বারবার একই মামলায় মুলতবি চাওয়া মামলা জটের অন্যতম প্রধান কারণ বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি এস কে সিনহা।
তিনি বলেছেন, বিচারকদের যথাযথ সহযোগিতা না করলে মামলার জট কমানো সম্ভব নয়। তবে পর্যাপ্ত লোকবল দেওয়ার জন্যও সরকারের প্রতি আহবান জানিয়েছেন তিনি।
চ্যালেঞ্জ এবং সম্ভাবনার বিষয়ে বিচার বিভাগের সমন্বয় নিয়ে ইউএনডিপির সহযোগিতায় সেমিনারে বক্তৃতা করেন প্রধান বিচারপতি।
আলোচনায় অংশ নিয়ে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শেখ হাফিজুর রহমান, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমান সরকার এবং মেট্রোপলিটন সেশন জজ কামরুল হোসাইন মোল্লা নিম্ন আাদালতে বিচারাধীন মামলার সংখ্যা তুলে ধরেন।
বর্তমানে প্রত্যেক বিচারকের কাছে প্রায় ৭ হাজার করে মামলা আছে যা নিষ্পত্তির জন্য আরও তিনগুণ বিচারক প্রয়োজন বলে তারা মনে করেন। এছাড়া অন্যান্য সমস্যার চিত্রও তুলে ধরেন তারা।
প্রধান অতিথির বক্তৃতায় প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বিভিন্ন বিষয়ে আলোচনার পাশাপাশি মামলা নিষ্পত্তিতে আইনজীবীদের ভূমিকা নিয়ে কথা বলেন। ‘আইনজীবীদের সহযোগিতা ছাড়া কোনোভাবেই এই বিপুল পরিমাণ মামলাজট কমানো সম্ভব নয়,’ বলে মনে করেন তিনি।
প্রধান বিচারপতি বলেন, সরকার অনেকগুলো নতুন আইন প্রণয়ন করছে কিন্তু মানবশক্তির বিষয়টি বিবেচনায় আনছে না। যেমন, দ্রুত বিচার ট্রাইব্যুনাল আইন, নারী ও শিশু নির্যাতন দমন আইন। অনেক নতুন ট্রাইব্যুনাল তৈরি হচ্ছে। কিন্তু তাদের আমরা পর্যাপ্ত জুডিশিয়াল অফিসার দিতে পারছি না। পারছি না মামলার রেকর্ড রাখার জন্য পর্যাপ্ত জায়গা দিতে।
ঢাকার জেলা ও দায়রা জজ এস এম কুদ্দুস জামানও মামলার জট থেকে বেরিয়ে আসতে বিচারক-আইনজীবীসহ সকলের সহযোগিতা চান।







