বিকৃতভাবে জাতীয় সঙ্গীত উপস্থাপন করায় তীব্র নিন্দা জানিয়েছে সম্মিলিত সাংস্কৃতিক জোট। আজ বৃহস্পতিবার এক বিবৃতিতে এই নিন্দা জানানো হয়েছে।
বিবৃতিতে উল্লেখ আছে, ‘আমরা ক্ষুব্ধতার সাথে লক্ষ্য করছি যে, গত ২৯ মার্চ, ২০২২ বিসিবির উদ্যোগে মিরপুর স্টেডিয়ামে জাতির পিতা বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উপলক্ষে আয়োজিত কনসার্টে সরকারি নীতিমালা লঙ্ঘন করে বিকৃতভাবে জাতীয় সংগীত গাওয়া হয়েছে।
বাংলাদেশ ন্যাশনাল এন্থেম, ফ্ল্যাগ অ্যান্ড এমব্লেম অর্ডার ১৯৭২ এবং ন্যাশনাল এন্থেম রুলস এমেন্ডমেন্ট ২০২২ প্রচলিত গায়নরীতি উপেক্ষা করে সেদিন জাতীয় সংগীত উপস্থাপন করা হয়েছে।
সেদিন জাতীয় সঙ্গীত পরিবেশনের সময় নিয়ম বহির্ভূতভাবে প্রিলুড সংযোজন, কণ্ঠ হারমোনাইজ করা, পুরুষ ও মহিলা কণ্ঠ আলাদাভাবে ডুয়েট গানের মতো গাওয়া এবং জাতীয় সঙ্গীত গাওয়ার সময় কোন কোন শিল্পীর হাত নাড়ানো জাতীয় সঙ্গীতকে অসম্মাননা ও অবমাননার শামিল হয়েছে।
এমন ঘটনায় ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মহলে ক্ষোভের সৃষ্টি হয়েছে। এ ধরনের ঘটনার তীব্র নিন্দা জানায় সম্মিলিত সাংস্কৃতিক জোট। পরবর্তীকালে পুনারাবৃত্তিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণেরও আহ্বান জানান তারা।






