মানসম্মত পণ্য নিশ্চিতে বিএসটিআই’র লোগো দেখে পণ্য কেনার আহ্বান জানিয়েছে জাতীয় মান সংস্থা বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইন্সটিটিউশন (বিএসটিআই)।
সোমবার রাজধানীর তেজগাঁওয়ে বিএসটিআই’র প্রধান কার্যালয়ে শিক্ষা সফরের অংশ হিসেবে বিসিআইসি কলেজের শিক্ষার্থীদের সাথে আলোচনার সময় প্রতিষ্ঠানটির মহাপরিচালক মো. মুয়াজ্জেম হোসাইন এ আহ্বান জানান।
এ সময় বিএসটিআই’র ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিসিআইসি কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
পণ্যের মানের বিষয়ে জনসচেতনতা বাড়ানোর আহ্বান জানিয়ে বিএসটিআইয়ের মহাপরিচালক বলেন, বিভিন্ন পণ্য ও সেবার মান প্রণয়নের দায়িত্ব বিএসটিআই’র। পণ্য ও সেবার মান প্রণয়নের পাশাপাশি সরকার নির্ধারিত ১৮১টি পণ্যের অনুকূলে মান সনদ দেয়া এবং সেসব পণ্যের মান তদারকির দায়িত্ব বিএসটিআই’র।
তাই বিএসটিআই’র লোগো দেখে এসব পণ্য কিনতে ক্রেতা সাধারণদের পরামর্শ দেন তিনি।
মুয়াজ্জেম হোসাইন বলেন, মানসম্পন্ন পণ্যের বিষয়ে শিক্ষার্থীদের মাঝে সচেতনতা বাড়াতে সম্প্রতি বিএসটিআইতে শিক্ষা সফরের ব্যবস্থা চালু করা হয়েছে। এ কার্যক্রম অব্যাহত থাকবে।








