ফিলিপে কৌতিনহোকে দলে ভেড়াতে বার্সেলোনার দেয়া ১০০ মিলিয়ন ইউরোর প্রস্তাব ফিরিয়ে দিয়েছে প্রিমিয়ার লিগের ক্লাব লিভারপুল। কাতালানদের প্রস্তাব ফিরিয়ে ইংলিশ ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে, নিজেদের অবস্থান থেকে তারা নড়ছে না, কৌতিনহোকে বিক্রি করবে না।
দলবদলের শুরু থেকেই কৌতিনহোকে দলে টানার চেষ্টা চালিয়ে আসছিল বার্সেলোনা। দলের তারকা ব্রাজিলিয়ান নেইমার রেকর্ড চুক্তিতে প্যারিস সেইন্ট-জার্মেইনে চলে যাবার আগে থেকেই কৌতিনহোকে পাবার জন্য বার্সা বেশ জোর প্রচেষ্টা চালাচ্ছে। গণমাধ্যমের দাবি, এ ব্যাপারে কাতালান জায়ান্টরা বেশ খানিকটা এগিয়েও গিয়েছিল।
কিন্তু গোল ডটকম নিশ্চিত করেছে, বার্সেলোনার প্রস্তাব বেশ পরিষ্কার ভাষাতেই ফিরিয়ে দিয়েছে লিভারপুল।
গত সপ্তাহে ২২২ মিলিয়ন ইউরোতে প্যারিসে গেছেন নেইমার। তার যাবার সাথে সাথেই কৌতিনহোর প্রতি আরো বেশি মনোযোগী হয় বার্সা। ২৫ বছর বয়সী এই প্লেমেকারকে দলে টানতে এখন বার্সেলোনার জন্য সময়ের ব্যাপার বলে দাবী করছে স্প্যানিশ ক্রীড়া পত্রিকাগুলো।
তাদের দাবী প্রাথমিক চুক্তি বাবদ কৌতিনহোকে ৯০ মিলিয়ন ইউরো দেয়া হবে। বোনাসসহ আনুষাঙ্গিক সব মিলিয়ে চুক্তির পরিমাণ দাঁড়াবে প্রায় ১২০ মিলিয়ন ইউরোতে।
কিন্তু বার্সেলোনার সেই আশায় জল ঢেলে দিল লিভারপুল। অলরেডস বস ইয়ূর্গেন ক্লপ গত সপ্তাহে বার্সেলোনাকে বলেছিলেন তাদের শক্তি যেন সঞ্চয় করে রাখা হয়, কারণ তিনি কৌতিনহোকে ছাড়ছেন না। যদিও সপ্তাহের শেষে ডাবলিনে অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে প্রীতি ম্যাচে লিভারপুলের হয়ে খেলেননি কৌতিনহো।
এর আগে ২০১২ সালে এস্পানিয়লের হয়ে ছয় মাসের ধারে লা লিগায় খেলেছেন কৌতিনহো। ২০১৩ সালের জানুয়ারিতে ৮.৫ মিলিয়ন পাউন্ডে তিনি লিভারপুলে যোগ দেন। ইংলিশ জায়ান্টদের হয়ে এ পর্যন্ত ১৮২ ম্যাচে করেছেন ৪২ গোল।







