চ্যাম্পিয়ন্স লিগের ব্যস্ততার পর আবারো লিগে ফিরছে লড়াই। যাতে দুরকম স্মৃতি নিয়ে ভিন্ন ভিন্ন ম্যাচে মাঠে নামছে দুই স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। শনিবার রাতে জিনেদিন জিদানের দল আতিথ্য নেবে স্পোর্টিং গিজনের মাঠে, আর লুইস এনরিকের দল ঘরের মাঠে মুখোমুখি হবে রিয়াল সোসিয়েদাদের।
বাংলাদেশ সময় শনিবার রাত সোয়া আটটায় স্পোর্টিংয়ের বিপক্ষে নামবে রিয়াল। চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে বায়ার্ন মিউনিখকে হারিয়ে উড়ছে মাদ্রিদ জায়ান্টরা। লিগে এমনিতেই নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে এগিয়ে তারা। লস ব্ল্যাঙ্কোসরা ৩০ ম্যাচে ৭২ পয়েন্ট নিয়ে স্প্যানিশ টেবিলের শীর্ষে। এক ম্যাচ বেশি খেলেও দুইয়ে থাকা বার্সার সেখানে ৩১ ম্যাচে ৬৯ পয়েন্ট।

অবনমন অঞ্চলে থাকা স্পোর্টিংকে হারিয়ে ব্যবধানটা আরো সুসংহত করার সুযোগ পাচ্ছে রিয়াল। ৩১ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে টেবিলের ১৮তম স্থানে আছে ধুঁকতে থাকা স্পোর্টিং গিজন।
অন্যদিকে একই রাতে বাংলাদেশ সময় পৌনে একটায় সোসিয়েদাদের বিপক্ষে নামবে বার্সেলোনা। ইউরোপ সেরার লড়াইয়ে জুভেন্টাসের মাঠ থেকে ৩-০ ব্যবধানে হেরে আসার তিক্তস্মৃতি সঙ্গী করে ন্যু ক্যাম্পে সোসিয়েদাদের বিপক্ষে নামছে কাতালান ক্লাবটি। ৩১ ম্যাচে ৫২ পয়েন্ট নিয়ে টেবিলের সপ্তম স্থানে থাকা সোসিয়েদাদ মেসি-সুয়ারেজদের কঠিন পরীক্ষাই নিতে সক্ষম।
রাতে মাঠে নামছে ডিয়েগো সিমিওনের দলও। ঘরের মাঠে অ্যাটলেটিকো মাদ্রিদের প্রতিপক্ষ ওসাসুনা। ৩১ ম্যাচে ৬২ পয়েন্ট নিয়ে লা লিগা টেবিলের তিনে আছে অ্যাটলেটিকো। আর টেবিলের একেবারে তলানিতে আছে দুর্বল ওসাসুনা।








