স্প্যানিশ লা লিগায় ভিয়ারিয়ালের বিপক্ষে মাঠে নামছে বার্সেলোনা। পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা বার্সা তাদের আগের দুই ম্যাচেই ড্র করেছে। ভ্যালেন্সিয়ার বিপক্ষে ১-১ এবং সেল্টা ভিগোর বিপক্ষে ২-২ গোলে ড্র করে পয়েন্ট খুইয়েছে কাতালানরা। ফলে এই ম্যাচকে ফাইনাল ধরেই মাঠে নামছে তারা। মেসিদের ড্রেসিংরুমের পরিবেশ তেমনটারই আভাস দিচ্ছে বলে জানাচ্ছে, মার্কা।
রোববারের ম্যাচে জয় ছিনিয়ে নিতে চায় বার্সা। পুরো তিন পয়েন্টের জন্যই লড়াই তাদের। লিগের শীর্ষস্থান আরও সুসংহত করার পথে এ ম্যাচকে একটি কাঁটা হিসেবে দেখছেন কোচ ভালভার্দে। এই ম্যাচের জয় তাদের ট্র্যাকে ফিরতে সহায়তা করবে। কিন্তু তারা যদি আরও পয়েন্ট হারায়, সেটি নিশ্চিতভাবেই আত্মবিশ্বাসেও আঘাত হানবে।
২৩ ডিসেম্বর এল ক্ল্যাসিকো এবং রিয়াল মাদ্রিদের উপর তাদের আট পয়েন্টের সুবিধা নিয়েই তাদের বিরুদ্ধে খেলতে চান মেসি-সুয়ারেজরা।
অবশ্য ভিয়ারিয়ালের বিপক্ষে সর্বশেষ ১৬ ম্যাচের একটিতেও হারেনি বার্সা। ১১টিতে জয় আর ৫টি ড্র করেছে ভালভার্দের দল। সে হিসেবে এ ম্যাচে জয়ই পেতে চায় মেসি-সুয়ারেজরা।
এদিকে লা লিগায় পরপর দুই ম্যাচে পয়েন্ট খোয়ালেও উয়েফা চ্যাম্পিয়ন্স লীগে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই শেষ ষোলোতে পৌঁছেছে আর্নেস্তো ভালভার্দের শিষ্যরা। সর্বশেষ ম্যাচে স্পোর্টিংকে ২-০ গোলে হারায় ক্লাবটি। সোমবার চ্যাম্পিয়ন্স লিগের ড্র অনুষ্ঠিত হবে।
লা লিগায় ১৪ ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বার্সা। আর ২১ পয়েন্ট নিয়ে ৬-এ আছে ভিয়ারিয়াল। লা লিগায় সর্বশেষ ২ ম্যাচের ২টিতেই হেরেছে তারা। গত ম্যাচে লেগানেসের কাছে ৩-২ গোলে হার মানতে হয়। লা লিগায় সর্বশেষ ২০১২ সালে পরপর তিন ম্যাচে হেরেছিল তারা। বার্সার বিপক্ষে হার এড়ানোর জোর লড়াই করবে ক্লাবটি।








