বিদায়ী ম্যাচে দল জিতেছে। হয়েছে রাজকীয় শিরোপা উৎসব। তবু আন্দ্রেস ইনিয়েস্তা কাঁদলেন। কাঁদলেন বর্ণিল এক ক্যারিয়ার ন্যু ক্যাম্পে রেখে যাওয়ার জন্য। বিদায় বেলায় বলে গেলেন, বার্সার দিনগুলো তিনি আজীবন হৃদয়ে রাখবেন।
মৌসুমে নিজেদের শেষ ম্যাচে রোববার রাতে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে ১-০ গোলে জিতেছে বার্সেলোনা। এই ম্যাচ দিয়ে ১৬ বছরের ক্যারিয়ারের ইতি টানলেন ৩৪ বছর বয়সী ইনিয়েস্তা। বার্সার হয়ে ম্যাচের একমাত্র গোলটি করেন কৌতিনহো। মেসি প্রথম একাদশে নামেননি। দ্বিতীয়ার্ধে ইনিয়েস্তা উঠে গেলে মাঠে নামেন।
‘যেখানেই যাই, এই স্মৃতি হৃদয়ে থাকবে,’ দর্শকদের উদ্দেশে ইনিয়েস্তা বলেন, ‘তোমাদের কখনো ভুলবো না।’
ইনিয়েস্তা বার্সেলোনার সফলতম সময়ের একজন কাণ্ডারি। ৩৩ বছর বয়সী এই মিডফিল্ডার ছয়টি কোপা ডেল রে জিতেছেন। লা লিগা জিতেছেন ৯টি।
১৬ মৌসুমে কাতালান ক্লাবটির হয়ে ৬৭১টি ম্যাচ খেলা স্প্যানিশ এই মিডফিল্ডার জিতেছেন ৩১টি শিরোপা।








