আগেই ঘোষণা দিয়েছিলেন অক্টোবরের মাঝামাঝি সময়ের পর থেকে টেস্টে ফিরতে চান। ভিলিয়ার্স জানতেন ওই সময় বাংলাদেশের বিপক্ষে তার দলের টেস্ট সিরিজ রয়েছে। অথচ তখন ফেরার সুযোগটি নিতে চাইলেন না। শুক্রবার আরেকবার স্পষ্ট করে বললেন, জানুয়ারিতে শুরু হওয়া ভারত সফরেই সাদা পোশাকে আবার জাতীয় দলের হয়ে মাঠে নামতে চান।
সাউথ আফ্রিকায় দুই টেস্ট, তিন ওয়ানডে ও দুটি টি-টুয়েন্টি ম্যাচে অংশ নেবেন মাশরাফী-মুশফিকরা। ২১ সেপ্টেম্বর বেনোনিতে ক্রিকেট সাউথ আফ্রিকা (সিএসএ) আমন্ত্রিত একাদশের বিপক্ষে তিন দিনের প্রস্তুতি ম্যাচ দিয়ে সফর শুরু করবে বাংলাদেশ। প্রথম টেস্ট শুরু হবে ২৮ সেপ্টেম্বর। দ্বিতীয় টেস্টে ৬-১০ অক্টোবর।
ভিলিয়ার্স যে সময়ের পর থেকে টেস্টে ফেরার কথা বলছেন ওই সময় বাংলাদেশের বিপক্ষে তাদের টেস্ট দুটি শেষ হয়ে যাবে। বেশ বোঝাই যায় মেপেমেপে অক্টোবরের মাঝামাঝি সময়ের পর থেকে ফেরার কথা বলেছিলেন।
ইনজুরি প্রবণতার কারণে ২০১৬ সালের জানুয়ারি থেকে টেস্ট খেলেন না ভিলিয়ার্স। এই সময়ে ভিলিয়ার্সকে ছাড়াই টেস্ট ক্রিকেটে বিশ্বের দুই নম্বর দল হয় সাউথ আফ্রিকা। কিন্তু সম্প্রতি ইংল্যান্ডের বিপক্ষে তাদের জয়রথ থেমে যায়। হারতে হয় ৩-১ ব্যবধানে।
হিন্দুস্থান টাইমসকে ভিলিয়ার্স বলেন, ‘টেস্টে ফিরতে আমি কঠিন পরিশ্রম করছি। আশা করছি ভারত সফরের দলে থাকতে পারবো।’
ভারতের ঘরোয়া লিগ আইপিএলে ভিলিয়ার্স ‘সোনার হরিণ’। এক মাসের এই আসর থেকে কোটি কোটি পারিশ্রমিক পান তিনি। ভারতে ভালো করলে তার চাহিদা বাড়বে। বাড়বে পারিশ্রমিকের পরিমাণ। ভিলিয়ার্স তো সেখানে খেলতেই চাইবেন!








