রাওয়ালপিন্ডি টেস্টে স্লো ওভার রেটের কারণে জরিমানা গুনতে হচ্ছে বাংলাদেশ ও পাকিস্তানের খেলোয়াড়দের। পাশাপাশি কাটা হয়েছে পয়েন্টও। অযথা সময় ক্ষেপণের জন্য স্বাগতিক পাকিস্তানকে পড়তে হয়েছে বড় শাস্তির মুখে।
সোমবার সংবাদ বিজ্ঞপ্তিতে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা (আইসিসি) শাস্তির বিষয়টি জানিয়েছে।
বাংলাদেশ দলকে ম্যাচ ফি’র ১৫ শতাংশ জরিমানার পাশাপাশি তিন পয়েন্ট কাটা হয়েছে। পাকিস্তানকে ৩০ শতাংশ অর্থদণ্ড ও আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ৬ পয়েন্ট কাটা হয়েছে।
পাকিস্তান অধিনায়ক শান মাসুদ ও বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত শাস্তি মেনে নিলে আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি।
আইসিসির ২.২২ ধারা অনুযায়ী কোনো দল নির্ধারিত সময়ের চেয়ে এক ওভার পিছিয়ে থাকলে ৫ শতাংশ ম্যাচ ফি কাটা পড়বে। আর নতুন নিয়ম অনুসারে আর্টিকেল ১৬-এর ১১.২ ধারায় আছে এক ওভারের জন্য একটি পয়েন্ট কাটা পড়বে।








