বাঙালির স্বাধীনতা আন্দোলন থেকে শুরু করে বাঙালি জাতির সকল দাবি আদায়ের সঙ্গে জড়িয়ে আছে আওয়ামী লীগের নাম।
বাংলাদেশ আওয়ামী লীগের ৬৭ বছরে পদার্পণ উপলক্ষে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত আলোচনা সভায় এ মন্তব্য করেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা।
বাংলাদেশের স্বাধীনতা থেকে শুরু করে বাঙালি জাতির সকল প্রাপ্তির পেছনে আওয়ামী লীগের নাম জড়িত উল্লেখ করে তিনি বলেন, আমরা যে আজ স্বাধীনতা ভোগ করছি তা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দূরদর্শিতারই ফসল।
কাঁধে কাঁধ মিলিয়ে মুক্তিবাহিনী ও মিত্রবাহিনী বাংলাদেশ স্বাধীনের জন্য যুদ্ধ করার পরও দ্রুত সময়ের মধ্যে মিত্রবাহিনীর এ দেশ ছেড়ে যাওয়া বঙ্গবন্ধুর রাজনৈতিক প্রজ্ঞার ফসল উল্লেখ করে তিনি বলেন, আপনারা জার্মানি কিংবা জাপানের দিকে তাকালে দেখতে পাবেন। যুক্তরাষ্ট্র ও রাশিয়া ঐ সকল দেশকে সাহায্য করার পর সেখানে ঘাটি গেড়ে থেকে গেছে।
কিন্তু বঙ্গবন্ধুর অনুরোধের প্রেক্ষিতে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী বাংলাদেশ থেকে দ্রুত সময়ের মধ্যে তাদের সেনাবাহিনী প্রত্যাহার করে নেয়।
ভারতের সঙ্গে স্থলসীমানা চুক্তির প্রসঙ্গ টেনে এনে তিনি বলেন, ৭৪’এর মুজিব-ইন্দিরা চুক্তির কারণেই আজ স্থলসীমানা চুক্তি সম্ভব হয়েছে। ৭৫’এ বঙ্গবন্ধু স্বপরিবারে নিহত না হলে আরো আগেই দুই দেশ সমাধানে আসতে পারতো।
বঙ্গবন্ধু যে কাজটি ৭৪’এ তৃতীয় সংশোধনীর মাধ্যমে করেন সেই কাজটি করতে ভারতের চল্লিশ বছর লেগে গেছে। হয়তো বঙ্গবন্ধু বেঁচে থাকলে আরও আগেই এটি সম্ভব হতো।







