এএফসি অনূর্ধ্ব-২৩ চ্যাম্পিয়নশিপ বাছাই পর্ব থেকে খালি হাতে ফিরতে হচ্ছে বাংলাদেশকে। শেষ ম্যাচে স্বাগতিক প্যালেস্টাইনের বিপক্ষে ০-৩ গোলে হেরে গেছে সোহেল রানারা। বড় জয়ে নিজেদের যুব ফুটবলের ইতিহাসে প্রথমবারের মতো এএফসি অনূর্ধ্ব-২৩ চ্যাম্পিয়নশিপের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করল প্যালেস্টাইন।
বাংলাদেশ এই নিয়ে গ্রুপ পর্বের তিনটি ম্যাচেই বড় ব্যবধানে হারল। প্রথম ম্যাচে জর্ডানের বিপক্ষে ০-৭ গোলে হারার পর দ্বিতীয় ম্যাচে তাজিকিস্তানের বিপক্ষে অর্ডের ছেলেরা হেরে যায় ১-৩ গোলে।
রোববার ম্যাচের আট মিনিটের মাথায় এগিয়ে যায় স্বাগতিকরা। কর্নার থেকে উড়ে আসা বল জালে পাঠান অধিনায়ক আবুওয়ারদা। প্রথমার্ধে আর কোনো গোল হয়নি।

আসরের প্রতিটি ম্যাচে বাংলাদেশ দ্বিতীয়ার্ধে যাচ্ছেতাই ফুটবল খেলেছে। এদিনও তার ব্যতিক্রম হয়নি। প্রথমার্ধে এক গোল করা আবুওয়ারদা দ্বিতীয়ার্ধে আরও দুটি গোল করে হ্যাটট্রিক পূরণ করেন।
এএফসি চ্যাম্পিয়নশিপের মূল পর্ব হবে চীনে, ২০১৮ সালে। বাছাই পর্বের ‘ই’ গ্রুপ থেকে চ্যাম্পিয়ন হয়ে সেখানে খেলতে যাবে প্যালেস্টাইনের যুবারা। দুই জয় ও এক ড্রয়ে ৭ পয়েন্ট তাদের। ৬ পয়েন্ট নিয়ে জর্ডান দ্বিতীয়। ৪ পয়েন্ট নিয়ে তাজিকিস্তান তৃতীয়। বাংলাদেশ শূন্য পয়েন্ট নিয়ে শেষদিক থেকে প্রথম!







