নির্ধারিত সময়ের ৮ মাস পর কাঠমান্ডুতে এএফসি অনূর্ধ্ব-১৪ আঞ্চলিক চ্যাম্পিয়নশিপের ফাইনালে নেপালের মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ। গত এপ্রিলে নেপালে ভয়াবহ ভূমিকম্পের কারণে ম্যাচটি স্থগিত করা হয়েছিলো।
ম্যাচটি খেলতে শুক্রবারই কোচ গোলাম রব্বানি ছোটনের অধীনে ২২ সদস্যের দল নেপাল পৌঁছেছে। কন্ডিশনের সাথে খাপ খাওয়াতে পরের দিন অনুশীলনও করেছে তারা।
গ্রুপ পর্বের ম্যাচে ভুটানকে ১৬ গোলে হারালেও ভারতের সঙ্গে ১-১ গোলে ড্র করে সেমিতে ওঠে বাংলাদেশের কিশোরীরা। এরপর ইরানকে ২-০ গোলে হারিয়ে ফাইনালে পা রাখে কৃষ্ণা রানির দল।
এবার নেপালকে হারাতে পারলেই চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করবে বাংলাদেশ। কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে রোববার ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল ১১টায়।







