বাংলাদেশকে জয়ের ধারায় দেখতে চান ইংল্যান্ড দলের সাবেক অলরাউন্ডার জিওফ বয়কট। ক্রিকইনফোকে দেয়া এক সাক্ষাতকারে তিনি এ মন্তব্য করেছেন।
বাংলাদেশ সফররত পাকিস্তানকে ওয়ানডে সিরিজ এবং টি-টোয়েন্টিতে হোয়াইটওয়াশ করা প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশের এমন দলীয় জয় দেখে তিনি খুবই অভিভূত। বাংলাদেশ দল ভবিষ্যতে জয়ের ধারাবাহিকতা বজায় রাখবে এটাই তিনি চান।
খেলার মাঠে এখন বাংলাদেশের পারফরম্যান্স নজরকাড়া উল্লেখ করে সাবেক এই ক্রিকেট তারকা বলেন, বাংলাদেশ যে ভালো ক্রিকেট খেলতে পারে তা এবারের বিশ্বকাপেই প্রমাণ হয়েছে।
জিম্বাবুয়ে এবং ওয়েস্ট-ইন্ডিজের বিপক্ষেও বাংলাদেশের সিরিজ জয়ের দিকে ইঙ্গিত করে বয়কট বলেন, বাংলাদেশের খেলোয়াড়দের প্রত্যয় এখন অনেক বেশি।
কিছু পরামর্শ দিয়ে তিনি বলেছেন, একটি শক্তিশালী ক্রিকেট দল গঠনের লক্ষ্যে আরো কঠোর পরিশ্রম করতে হবে। তবেই জয়ের ধারাবাহিকতা বজায় থাকবে।







