নাইজেরিয়া ম্যাচের আগেই চাকরি যেতে পারে আর্জেন্টিনা কোচ সাম্পাওলির। এমন খবর দিয়েছে ইউকে মিরর।
ক্রোয়েশিয়া ম্যাচের আগে থেকেই খবর চাউর হয়, মেসিদের সঙ্গে মতের মিল হচ্ছে না কোচের। ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনেও তার ইঙ্গিত মেলে। সবাইকে অবাক করে সাম্পাওলি বলে ওঠেন, ‘এই দলটিকে গোছানোর যথেষ্ট সময় পাইনি আমি।’
আর্জেন্টিনা প্রথম ম্যাচে আইসল্যান্ডের বিপক্ষে ১-১ গোলে ড্র করার পর, দ্বিতীয় ম্যাচে ক্রোয়েশিয়ার বিপক্ষে ০-৩ গোলে হেরে গেছে। হারের চেয়ে তাদের খেলার ধরণ নিয়ে প্রশ্ন উঠছে বেশি।
লিওনেল মেসি প্রতি দশ মিনিটে ৩/৪ বার করে বল ধরেছেন। আরেক ফরোয়ার্ড আগুয়েরো প্রথমার্ধের শেষ ২১ মিনিট ১১ সেকেন্ডে বলের কাছেই যেতে পারেননি! গোটা দলকে মনে হয়েছে ছন্নছাড়া। এমন অবস্থায় মেসিরা মনে করছেন, সাম্পাওলির অধীনে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলাও ঝুঁকিপূর্ণ।
ম্যাচ শেষে সাম্পাওলি বলেন, খেলোয়াড়দের মাঝে বোঝাপড়ার অভাবে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ছেলেরা সিস্টেমের সঙ্গে খাপ খাওয়াতে পারছে না বলে দাবি তার। মেসিকে অন্যরা যথেষ্ট সাহায্য করতে পারেননি বলেও মন্তব্য করেছেন তিনি।
কোচের সঙ্গে খেলোয়াড়দের মতবিরোধের আভাস মিলছে আগুয়েরোর কথায়। ম্যানচেস্টার সিটি স্ট্রাইকার সাম্পাওলির দাবিকে উড়িয়ে বলছেন, ‘তিনি (সাম্পাওলি) যা খুশি তাই বলতেই পারেন। তার কৌশলের সঙ্গে খাপ খাওয়াতে না পারা মানে সেটা কঠিন কিছু ছিল।’








