কদিন আগেই জন্মদিনের পার্টি হলো সাইফ আলী খানের। পার্টিতে উপস্থিত ছিলেন সাইফের পরিবার এবং পারিবারিক কিছু কাছের মানুষ। তার কোনো বন্ধুই ছিলেন না সেখানে। কিন্তু কেন? জানা গেছে সাইফই নাকি বলিউডের বন্ধুদের থেকে দূরত্ব বজায় রেখে চলছেন।
সাইফ আলী খানের কাছের একটি সূত্র থেকে জানা গেছে যে, সাইফ নাকি বুঝতে পেরেছেন যে বলিউডের বন্ধুরা শুধুমাত্র সুসময়ের বন্ধু। আনন্দের সময় তারা পার্টিতে আসে ঠিকই কিন্তু খারাপ সময়ে সমর্থন দেয়ার জন্য কাউকে খুঁজে পাওয়া যায় না। সাইফের বেশ কয়েকটি ছবি ব্যবসা সফল না হওয়ার পরে সাইফ বুঝেছেন যে বলিউডের বন্ধুরা শুধু সফলদের সঙ্গে খাতির রাখতে পছন্দ করেন। তাই সাইফ ঠিক করেছেন যে তিনি লাইম লাইটের বাইরে থাকবেন। আর একারণেই বলিউডের পার্টিগুলোতে তিনি এখন আর উপস্থিত থাকেন না।
পর পর বেশ কয়েকটি ছবি ফ্লপ হওয়ায় সাইফের বেশ কিছু নির্মাতা বন্ধুও এখন এড়িয়ে চলছেন সাইফকে। বিষয়টি বেশ অপমানজনক এই পাতৌদি নবাবের জন্য। কারণ বলিউডের বাইরেও তার আলাদা একটি পরিচয় আছে এবং তার জীবনযাত্রাও বেশ রাজকীয়। তাই ৪৭ বছর বয়সী এই অভিনেতা এখন বলিউডের কৃত্রিম বন্ধুদের এড়িয়ে চলছেন। পাশাপাশি কাজ চালিয়ে যাচ্ছেন ‘কালাকান্দি,’ ‘শেফ’ এবং ‘বাজার’ এই তিনটি ছবির। ডেকান ক্রনিকল।








