২০১৮ সালের সাত মাস চলে যাচ্ছে। বাংলাদেশ ফুটবল দল আন্তর্জাতিক ম্যাচ খেলেছে একটি। সেটি মার্চে। জুলাইতে এসে দ্বিতীয় ম্যাচ খেলার সুযোগ পাচ্ছেন ফুটবলাররা। বুধবার বাংলাদেশ সময় রাত দশটায় কাতারের দ্বিতীয় বিভাগের ক্লাব আল-মেসাইমেয়ারের বিপক্ষে খেলবেন তারা।
মার্চের আগে বাংলাদেশ দল প্রায় দেড় বছরের গ্যাপ দিয়ে খেলতে নামে। গত বছর অক্টোবরে এশিয়া কাপের বাছাইয়ে ওঠার প্লে-অফে ভুটানের বিপক্ষে হারের পর দল এলোমেলো হয়ে যায়। সব দোষ খেলোয়াড়দের ঘাড়ে চাপিয়ে জাতীয় দলের প্রায় সব ধরণের কার্যক্রম বন্ধ রাখে বাফুফে! এরপর ২০১৮ সালের মার্চে এসে লাওসের বিপক্ষে ওই প্রীতি ম্যাচটি খেলে ছেলেরা।
আগামী ১৮ অগাস্টে জাকার্তা-পালেমবাংয়ে হবে এশিয়ান গেমস। এরপর সেপ্টেম্বরে ঢাকায় সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপ। বাংলাদেশ এখন এই দুটি টুর্নামেন্টের প্রস্তুতি নিতে কাতারে। সেখানে দুই সপ্তাহের অনুশীলন ক্যাম্প হয়েছে।
আল-মেসাইমেয়ার দ্বিতীয় বিভাগের দল হলেও বাংলাদেশের জন্য যথেষ্ট কঠিন প্রতিপক্ষ। দলটির সঙ্গে যুক্ত আছেন ক্রোয়েশিয়ার কোচিং স্টাফ। তারা কাতারের স্টারস লিগে খেলার লক্ষ্য নিয়ে প্রস্তুতি নিচ্ছে।
বাংলাদেশ আগের ম্যাচটি খেলেছিল সাবেক কোচ অর্ডের অধীনে। এবার দায়িত্বে আছেন জেমি ডে। আর্সেনালের সঙ্গে চুক্তিবদ্ধ হওয়া ডে কখনও সিনিয়র টিমের হয়ে খেলতে পারেননি। ক্লাব ক্যারিয়ারে এফসি বোর্নমাউথ, ওয়েলিং ইউনাইটেডের মিডফিল্ডে খেলেছেন। ইংল্যান্ডের অনূর্ধ্ব-১৮ দল পর্যন্ত খেলা ডে কখনও জাতীয় দলের হয়েও খেলেননি।
ছবি: বাফুফে।








