আসন্ন ৬ জাতির বঙ্গবন্ধু আন্তর্জাতিক গোল্ডকাপের এবারের আসরে একই গ্রুপে অবস্থান করে বর্তমান চ্যাম্পিয়ন প্যালেস্টাইনকে মোকাবিলা করবে স্বাগতিক বাংলাদেশ। শক্তিশালী এই দলের পাশাপাশি গ্রুপ ‘এ’তে বাংলাদেশের আরেক প্রতিপক্ষ শ্রীলঙ্কা।
শনিবার ঢাকার একটি হোটেলে অনুষ্ঠিত হয়েছে বঙ্গবন্ধু আন্তর্জাতিক গোল্ডকাপের গ্রুপ পর্বের ড্র। ৬ জাতির এই টুর্নামেন্টে গ্রুপ ‘বি’তে আছে বুরুন্ডি, মরিশাস ও সেসেলশ।
সবশেষ ২০১৮ সালে প্যালেস্টাইনের বিপক্ষে সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। স্বাগতিকদের ২-০ গোলে হারিয়ে ফাইনালে যাওয়া প্যালেস্টাইন শিরোপা জিতে নিয়েছিল তাজিকিস্তানকে টাইব্রেকে হারিয়ে। এবারের আসরে তাজিকিস্তানকে দেখা যাবে না।
৬ দলের মধ্যে ফিফা র্যাঙ্কিংয়ে সবচেয়ে এগিয়ে প্যালেস্টাইন, মধ্যপ্রাচ্যের এই দেশটির র্যাঙ্কিং ১০৬। বুরুন্ডির র্যাঙ্কিং ১৫১ ও মরিশাস আছে ১৭২ নম্বরে। স্বাগতিক বাংলাদেশের র্যাঙ্কিং ১৮৭। ৬ জাতির এই টুর্নামেন্ট শুরু হবে ১৫ জানুয়ারি, বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে।








